স্পোর্টস ডেস্ক
প্রথম মিনিটে যেমন, তেমনই ম্যাচের ৯১তম মিনিটেও নায়ক ফিল ফোডেন। তার জোড়া গোলের দারুণ নৈপুণ্যে এক রোমাঞ্চকর ম্যাচে লিডস ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধে লিডসের ডমিনিক ক্যালভার্ট-লেউইন ও লুকাস এনমেচার গোল ম্যাচটিকে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে বক্সে জায়গা করে নিয়ে দুর্দান্ত শটে গোল করে সিটিকে তিন পয়েন্ট উপহার দেন ফোডেন।
জয়ে সিটি আপাতত ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে তারা, যদিও আর্সেনালের ম্যাচ বাকি রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে লিডস আছে ১৮তম স্থানে।
ম্যাচের শুরুতেই সিটিকে লিড এনে দেন ফোডেন-মাত্র ৫৯ সেকেন্ডে মাতেউস নুনেসের ক্রস থেকে তার প্রথম ছোঁয়ার শট বার ছুঁয়ে জালে ঢোকে। এর পরও খেলায় আধিপত্য বজায় রাখে সিটি।
২৫তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন ইয়োশকো গভার্দিওল, ব্যবধান তখন ২-০।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটির ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে ৫০তম মিনিটে ব্যবধান কমান ক্যালভার্ট-লেউইন। এতে লিডস নতুন করে উদ্যম ফিরে পায়।
৬৮তম মিনিটে গভার্দিওলের ফাউলের কারণে পেনাল্টি পায় লিডস, যা থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এনমেচা।
শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে এক ঝাঁক আক্রমণের মাঝেই ফোডেনের সুনিপুণ ফিনিশ সিটিকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয়।











































