ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোকে চাপে ফেলে দিল পর্তুগালের অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা। রোনালদো এখনও যা করে দেখাতে পারেননি, সেটাই করে ফেলল তারা। প্রথমবার বিশ্বকাপ জিতল পর্তুগালের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারাল পর্তুগাল।
রোনালদো এখনও দেশকে বিশ্বকাপ দিতে পারেননি। গতবার আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে তাঁর চাপ বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের আগে সিআর সেভেনের সেই চাপ আরও বাড়িয়ে দিল তাঁরই দেশের অনূর্ধ্ব-১৭ দল। মেসি যে কাতারে বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাতারেই অনূর্ধ্ব-১৭ বিশ্বচ্যাম্পিয়ন হলো পর্তুগাল। চলতি বছরেই অনূর্ধ্ব-১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল। তার পর এলো বিশ্বকাপ। দেশের আগামী দিনের তারকাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত রোনালদোও। বিশ্বজয়ী দলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি।
২০০৩ সালের পর এবারই প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল পর্তুগাল। আর এবারই প্রথম বিশ্বজয় করল তারা। গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত ফুটবল উপহার দিয়েছে রাফায়েল কুইন্টাসেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ১-২ ব্যবধানে হারলেও বাকি ম্যাচগুলোতে তারা সহজ জয় পেয়েছে। প্রথম ম্যাচে উত্তর ক্যালিডোনিয়াকে ৬-১ ব্যবধানে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে মরক্কোকে হারায় ৬-০ ব্যবধানে। নক আউট পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয় ৫-০ গোলে।











































