Home আঞ্চলিক রূপসায় শেখ হাসিনা’র গৃহ শিক্ষক পরিচয়ধারী এখনো বহাল তবিয়তে

রূপসায় শেখ হাসিনা’র গৃহ শিক্ষক পরিচয়ধারী এখনো বহাল তবিয়তে

81


স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসের সার্টিফিকেট সহকারী সেখ আহম্মদ আলী যার বাড়ি একই উপজেলার খাজাডাঙা গ্রামে। যিনি ঘুরেফিরে দীর্ঘ ১৪ বছর ধরে নিজ উপজেলাতেই কর্মরত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিয়মিত কথা বলতেন এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে জেলা প্রশাসক-ইউএনওসহ আ’লীগের এমপি, মন্ত্রীদের নাম ভাঙিয়ে বিভিন্ন ফাইল আটকিয়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে কমিশন আদায় করা সহ সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ হারুনের সাথে সখ্যতা রেখে কথায় কথায় উপরি মহলের দোহাই দিতেন, কারো কোন তোয়াক্কাই করতেন না তিনি। সে সময়ে করা তার কয়েকটি অডিও রেকর্ডিং আসে দৈনিক খুলনাঞ্চলের হাতে। রেকর্ডটিতে শোনা যায় পেশকার আহম্মদ আলী তার অফিসে কোন এক অজ্ঞাত ব্যক্তিকে বলছেন, আমি শেখ হাসিনার মেয়ে পুতুল ওকে আমি বরিশালে পড়ায়ছি। আর পুতুলের সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয় ছাত্রী তো? হাসিনার সাথেও আমার কথা হয়। আমারে বদলি করবে এদেশে কেউ আছে? কেউ নাই…অভিযুক্ত আহম্মদ আলীর এমন অডিও বক্তব্য ফাঁস হওয়ায় রূপসা সহ জেলা ব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত আহম্মদ আলী ২০১১ সালে নিজ উপজেলা রূপসা সহকারী কমিশনার ভূমি অফিসে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালে ২ মাস পাইকগাছা ভূমি অফিসে, ২০১৬ সালে ৬ মাস তেরখাদা ভূমি অফিস এবং ২০২২ সালে ১ বছর ফুলতলা ইউএনও অফিসে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে আ’লীগের শীর্ষ নেতাকর্মীদের মাধ্যমে রূপসা ইউএনও অফিসে পুনরায় যোগদান করে আ’লীগের ক্ষমতা দেখিয়ে উপজেলা ভূমি অফিস সহ ইউএনও অফিসটিকে তিনি নিজের পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছেন। নিজ উপজেলায় চাকরি করার সুবাদে তিনি স্থানীয় নেতাকর্মী সহ সন্ত্রাসীদের উপজেলার বিভিন্ন দপ্তর থেকে অভিনব কায়দায় সুবিধা পাইয়ে সেখান থেকেও কমিশন বাণিজ্য করেন তিনি।

তাছাড়া সেখ আহম্মদ আলী ভূয়া ভাউচার তৈরি করে বিভিন্ন সময়ে সরকারি অর্থ হাতিয়ে নিয়ে এলাকায় মূল্যবান সম্পত্তি/ জমি কিনেছেন। যা তার বিগত দিনের দায়িত্ব অনুসন্ধান করলে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন অনেকেই। তার নামে ২০২০ সালে দূর্ণীতির মাধ্যমে সরকারি কর্মচারীর স্ত্রীর নামে ভিপি লীজ নেয়ার ব্যাপারে লিখিত সুস্পষ্ট অভিযোগ ও বিভাগীয় মামলার জন্য ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও উর্দ্ধতন কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে অভিযোগগুলো থেকে আওয়ামী লীগের শীর্ষ আমলা কর্তৃক কৌশলে নিজেকে ধামাচাপা দিয়েছেন তিনি। এভাবে দীর্ঘদিন সেবা গ্রহীতাদের সাথে প্রতারণা করা আহম্মদ আলী এলাকায় একাধিক সম্পত্তি ক্রয় করে অর্ধ শত কোটি টাকার মালিক বনে গেছেন। এ বিষয়ে অভিযুক্ত আহম্মদ আলীর কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি জানান, আমার বিরুদ্ধে এমন কোনো রেকর্ড বা অভিযোগ নেই। পরবর্তীতে লোক মারফত প্রতিবেদককে সহকর্মী ও রাজনৈতিক মহল কর্তৃক ভয়ভীতি এমনকি অর্থের প্রলোভন দেখানোর চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।


তবে এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা মুঠোফোনে তার বিষয়ে তিনি অবগত আছেন এবং লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। দীর্ঘ ১৪ বছর নিজ উপজেলায় কর্মরত থাকা অভিযুক্ত এই আহম্মদ আলীর অবৈধ সম্পদ, চাকরি জীবনে অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী সহ একাধিক ভুক্তভোগী মহল।