স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দ্বাদশ আসর নিয়ে কম নাটকীয়তা হয়নি। নিলামের দিনক্ষণ পিছিয়েছে কয়েক দফা। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্যসূচিতেও বদল এসেছে। ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি ইস্যুতে জলঘোলা হয়েছে। শেষ সময়ে এসে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এ হ-য-ব-র-ল অবস্থার মাঝেও এবারের আসরে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে ব্যস্ত। নিলামের আগে সরাসরি চুক্তিতে দুই স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নেয়ার কাজ অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই করে ফেলেছে। ছয় দল মিলিয়ে মোট ১৮ ক্রিকেটারের চূড়ান্ত ঠিকানা হয়ে গেছে। সরাসরি চুক্তিতে দেশীয় ক্রিকেটার নেয়ার সুযোগ ফ্র্যাঞ্চাইজিগুলো সবার আগে লুফে নেয়। ইতিমধ্যে প্রতিটি দলই সরাসরি চুক্তিতে দুইজন করে স্থানীয় ক্রিকেটারকে দলভুক্ত করে ফেলেছে। বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে ৪টি ফ্র্যাঞ্চাইজি। তবে বিদেশির ক্রিকেটার চুক্তির ব্যাপারে মুখ খোলেনি সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও নবাগত রাজশাহী ওয়ারিয়র্স।
টানা চতুর্থবারে মতো রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান। পেস বোলিং শক্তিমত্তা বাড়াতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজটি। বিপিএলের গত আসরে খেলা ঢাকা ক্যাপিটালস দুই টাইগার তারকাকে দলে ভিড়িয়েছে। রাজধানীর দলটির হয়ে খেলবেন পেসার তাসকিন আহমেদ ও ওপেনার সাইফ হাসান। বিদেশিদের মধ্যে তারা দলে টেনেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার উসমান খানকে। হেলসকে পুরো আসরে না পেলেও উসমান খানের
পুরো আসরে খেলার কথা রয়েছে। শেষ আসরে হেলস রংপুর ও উসমান চিটাগংয়ের হয়ে খেলেন। জাতীয় দলের দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজকে নিয়েছে সিলেট টাইটান্স। বিদেশিদের মধ্যে পাকিস্তানী ওপেনার ব্যাটার সাইম আইয়ুব ও পেসার মোহাম্মদ আমিরকে। পুরো মৌসুমের জন্য আসবেন তারা। রাজশাহী ওয়ারিয়র্স দলে টেনেছে দুই টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার তানজিদ হাসান তামিমকে। তবে সরাসরি চুক্তিতে কোনো বিদেশি ক্রিকেটার দলে নেয়নি তারা। শেষ সময়ে এসে দল পাওয়া রনোয়াখালী এক্সপ্রেসও পিছিয়ে নেই। অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে দলভুক্ত করেছে তারা। বিদেশিদের মধ্যে নোয়াখালীর হয়ে খেলবেন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। এছাড়া ক্যারিবিয়ান পাওয়ার হাউস জনসন চার্লসকে সরাসরি চুক্তিতে নিয়েছে দলটি। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে স্পিনার শেখ মাহেদী ও তানভীর ইসলামরে সঙ্গে। তাদের একমাত্র বিদেশি সাইনিং পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ।











































