স্পোর্টস ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একাই লড়ে গেছেন তাওহীদ হৃদয়। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। আইরিশদের দেয়া ১৮২ রানের লক্ষ্যে হৃদয়কে সঙ্গ দিতে পারেননি কেউ। এক প্রান্ত আগলে রেখে টাইগার ব্যাটারের ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসটা শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। ৩৯ রানের হারের পর সংবাদ সম্মেলনে এসে হৃদয় অনুরোধ করলেন, সমালোচনা করাটা দর্শকদের অধিকার, তবে তা যেনো যুক্তিযুক্ত হয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে দু’দল ।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড। রান তাড়ায় ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদশ। দলের হয়ে রান
তাড়ায় নেমে দুই অঙ্কের রান ছুঁতে পারেন স্রেফ তিনজন, হৃদয়, জাকের আলী (১৬ বলে ২০) ও দশে নামা শরিফুল ইসলাম (১৩ বলে ১২)। আইরিশদের হয়ে ৪ ওভারে স্রেফ ১৩ রানের খরচে ৪ উইকেট নেন ম্যাথু হ্যামফ্রিজ। এর আগে উদ্বোধনী জুটিতেই ২৬ বলে ৪০ রানে ভিত গেড়ে দেন পল স্টার্লিং ও টিম টেক্টর। ব্যক্তিগত ২১ রানে অধিনায়ক স্টার্লিং ফিরলে আপন ছোট ভাইকে সঙ্গ দিতে ক্রিজে আসেন হ্যারি টেক্টর। ১৯ বলে ৩২ রানে ফেরেন টিম। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৯ রানের ইনিংসে অপরাজিত থাকেন হ্যারি।
শেষ পর্যন্ত একাই লড়ে যাওয়া হৃদয় সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটি তো স্বাভাবিক। আমাদের হাতে নিয়ন্ত্রণ নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন, এটি আপনাদের অধিকার। আপনারা করেন। এখান থেকেও ইতিবাচক দিক হতে পারে। আপনার দু-একটা কথায় আমাদের তো অনেক কিছু বদলে যেতে পারে। অবশ্যই এটা ইতিবাচকভাবে দেখছি।’ তবে যুক্তিযুক্ত সমালোচনার অনুরোধ জানিয়ে এ টাইগার ব্যাটার বলেন, ‘আমি অনুরোধ করছি যে, আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। মানে, কিছু সময় আছে যে, আমরা বাঙালি অনেক সময় একটা শুরু করলে ওটা নিয়েই চলতে থাকে। জিনিসটা এমন যেন না হয়। (সমালোচনা) অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন। এখান
থেকে তো অনেক কিছু আমাদের ম্যাসেজ আমরাও পেতে পারি, যদি ভালো কিছু হয়।’ বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। যদিও প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে চরমভাবে মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার। মিডল অর্ডারে উন্নতির প্রয়োজন কি না, এমন প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, ‘শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে আমাদের। যখন উন্নতিটা হবে, তখন আমরা আশা করি ভালো কিছু করবো।’
সেই উন্নতি দেখানোর সুযোগ আজ পাবেন হৃদয়রা। তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামছে লিটন কুমার দাসের দল। অন্যদিকে আয়ারল্যান্ড নামছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে।











































