খুলনাঞ্চল রিপোর্ট।।
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বাকিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনাটির বিভিন্ন ছবি ও ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এক যুবককে সামনে থাকা প্রতিপক্ষের দিকে গুলি করতে দেখা যায়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর নিয়ে ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম তুষার। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। তিনি পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সহচর এবং জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
জামায়াতের দাবি, তাদের প্রচারণার সময় বিএনপি’র লোকজন হামলা চালিয়েছে। বিএনপি’র দাবি, গ্রামের লোকজন একজোট হয়ে জামায়াতের লোকজনকে ধাওয়া দিয়েছে। তবে খোঁজ নিয়ে জানা যায়, পাবনা-৪ আসনে বিএনপি’র প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান। আর জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমীর আবু তালেব মণ্ডল। চরগড়গড়ি গ্রামে কয়েকদিন ধরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দু’দিন আগে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে জামায়াতের প্রার্থী এলাকায় গণসংযোগে যান। এ সময় আলহাজ মোড়ে পৌঁছালে বিএনপি প্রার্থীর সমর্থকরা তাদের বাধা দেন। সেখানে কিছুক্ষণ কথাকাটাকাটি ও ধস্তাধস্তির পর আবু তালেব সরে আসেন। ফিরে আসার পথে মৃধাপাড়া মহল্লায় ফের দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে এবং কয়েকটি মোটরসাইকেলসহ জামায়াত প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।
পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করেছে জামায়াতের তুষার মণ্ডল। তিনি তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সন্ত্রাসী। অন্যদিকে, পাবনা জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে দাবি করেন, অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবক জামায়াতের কেউ নয়। তিনি বলেন, আমি তাকে চিনি না। তিনি জামায়াতের কর্মী নন। ঈশ্বরদী থানার ওসি আ.স.ম. আব্দুন নূর জানান, বিভিন্ন সূত্র থেকে ওই যুবকের নাম পরিচয় আমাদের কাছে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































