ঢাকা অফিস
পৃথিবীতে প্রতিদিন শত শত ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই স্বল্প মাত্রার। যা অধিকাংশ মানুষ টেরও পায় না। কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি শক্তিশালী ভূমিকম্প হয়। গড়ে একটি বড় ভূমিকম্পের মাত্রা থাকে ৭ দশমিক শূন্য থেকে ৭ দশমিক ৯। যা প্রতি মাসে পৃথিবীর কোথাও না কোথাও ঘটে। আর একটি তীব্র ভূমিকম্পের মাত্রা হয় ৮ দশমিক শূন্য বা এর বেশি। যা বছরে গড়ে একবার ঘটে।
এমন তথ্য ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইটের। আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্প পৃথিবীর ভূপৃষ্ঠ বা আপার ম্যান্টলে ঘটে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উৎসস্থল থেকে দূরত্ব যত বাড়ে, ভূপৃষ্ঠে অনুভূত কম্পনের তীব্রতা তত কমে যায়। তাই, ৫০০ কিলোমিটার গভীরতায় ঘটে যাওয়া ভূমিকম্পের তুলনায় ২০ কিলোমিটার গভীরতায় ঘটা একই মাত্রার ভূমিকম্পে ভূপৃষ্ঠে কম্পন অনেক বেশি শক্তিশালী হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। সাধারণত, ৫.৩ থেকে ৬.২ পর্যন্ত মাত্রাকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়। রিখটার স্কেলে মাত্রা ৬.৩ এ পৌঁছালে সেটিকে শক্তিশালী ভূমিকম্প বলা হয়।
ইউএসজিএস- এর তথ্য, নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। ফলে, স্বাভাবিকভাবেই এর কম্পন অনেক বেশি টের পাওয়া গেছে।
নরসিংদী কেন উৎপত্তিস্থল: বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা নিয়ে গবেষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির অধ্যাপক মাইকেল স্টেকলার ও লিওনার্দো সিবার। এ কাজে বাংলাদেশের কয়েকজন গবেষকও যুক্ত ছিলেন।
আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির ওয়েবসাইটে গবেষণাটির সারাংশ প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে একটি। এটি তিনটি টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত- ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মিজ প্লেট।
ইউএসজিএস তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার বাংলাদেশের মধ্যাঞ্চলে (ঢাকা ও আশপাশের জেলা) ভূমিকম্পটি হয়েছে, ভারতের প্লেটের গভীরে রিভার্স ফল্টিংয়ের কারণে। ভূতত্ত্বে রিভার্স ফল্ট হলো এক ধরনের ডিপ-স্লিপ ফল্ট। যেখানে ভূপৃষ্ঠের চাপের কারণে দুটি শিলা ব্লকের মধ্যে স্থানচ্যুতি ঘটে এবং একটি আরেকটির ওপরে উঠে যায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী। তিনি বলেন, বাংলাদেশে অন্তত ৫টি ফল্ট লাইন আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, নোয়াখালী থেকে কক্সবাজার এবং নোয়াখালী থেকে সিলেট। ধারণা করা হচ্ছে, নোয়াখালী থেকে সিলেটের যে ফল্ট লাইন সেটির কারণেই শুক্রবার ভূমিকম্প হয়েছে।
ভারতীয় প্লেটের ফল্ট লাইন থেকে গত মার্চে মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। দ্য গার্ডিয়ানের তথ্য, সেটি ছিল ‘স্ট্রাইক-স্লিপ ফল্টিং’ এর কারণে। যা বোঝায়, ভারতের এবং ইউরেশিয়ার প্লেটগুলো একপাশে পরস্পরকে ঘেঁষা অবস্থায় ছিল।
৭৫ বছরে ১৪ ভূমিকম্প: ইউএসজিএস বলছে, ভারতের প্লেট এবং ইউরেশীয় প্লেটের পারস্পরিক ক্রিয়ার কারণে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চল ভূমিকম্প সক্রিয় এলাকা হিসেবে চিহ্নিত। কিন্তু দেশের মধ্যাঞ্চল তুলনামূলকভাবে কম সক্রিয়। শুক্রবারের উৎপত্তিস্থলের ২৫০ কিলোমিটার (১৫৬ মাইল) ব্যাসার্ধের মধ্যে; ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ১৪টি ভূমিকম্প হয়েছে। দুটির মাত্রা ছিল সর্বোচ্চ- ৬ দশমিক শূন্য।
গভীরতা কেন গুরুত্বপূর্ণ: ভূমিকম্পের গভীরতার গুরুত্ব কী- সে সম্পর্কে তথ্য পাওয়া যায় ইউএসজিএস- এর ওয়েবসাইটে। এতে বলা হয়েছে, ভূমিকম্পের গভীরতা পৃথিবীর গঠন ও টেকটোনিক পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো সাবডাকশন জোন, যেখানে দুটি প্লেট পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি প্লেট আরেকটির নিচে চলে যায়।
সাবডাকশন জোনে সংঘটিত ভূমিকম্পগুলোর অবস্থান ও গভীরতা চিহ্নিত করে ওই এলাকার গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। যেমন, প্লেটটি কতটা খাড়াভাবে নিচের দিকে নামছে এবং তলিয়ে যাওয়া প্লেটটি সমতল কি না বা বাঁকা হয়ে নেমে গেছে কি না। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। কারণ, এগুলো সাবডাকশন জোনে বিকৃতির প্রকৃতি, এর বৈশিষ্ট্য এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে গভীর ধারণা দেয়।
ভূমিকম্প সাধারণত কোথায় হয়: ভূমিকম্প পৃথিবীর যেকোনো স্থানে ঘটতে পারে। তবে অধিকাংশ ভূমিকম্প ঘটে টেকটোনিক প্লেটগুলোর সীমানা বরাবর। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য, মহাদেশীয় ও মহাসাগরীয় প্লেটগুলো ধীরে ধীরে পৃথিবীর ওপরের ম্যান্টলের ওপর দিয়ে সরে যায়। এই প্লেটগুলোর নড়াচড়া এবং সীমানায় তৈরি হওয়া চাপ থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়।
প্লেটগুলোর সীমানায় গভীর ফাটল থাকে। যেটিকে বলা হয় ফল্ট লাইন। অধিকাংশ ভূমিকম্প এসব ফল্ট বরাবর ঘটে। একটি ফল্টের ভেতরে, ফাটলের দুই পাশে থাকা শিলাস্তর ভূ-গতীয় শক্তির কারণে বিপরীত দিকে ঠেলে দেয়। কিন্তু ঘর্ষণের কারণে তারা নড়তে পারে না। ফলে চাপ জমতে থাকে। অবশেষে, জমে থাকা অতিরিক্ত চাপ ঘর্ষণকে অতিক্রম করে এবং ফল্ট বরাবর হঠাৎ সরে যায়। এই আকস্মিক শক্তি নিঃসরণই হলো ভূমিকম্প।
চাঁদেও ভূমিকম্প হয়: ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইটে বলা হয়েছে, অবিশ্বাস্য হলেও সত্যি, ভূমিকম্প শুধু পৃথিবীতেই ঘটে না। ১৯৬০-এর দশকের শেষ এবং ১৯৭০-এর দশকের শুরুতে অভিযানে যাওয়া মহাকাশচারীরা চাঁদের পৃষ্ঠে সিসমোগ্রাফ (কম্পন পরিমাপ ও লিপিবদ্ধ করার যন্ত্র) স্থাপন করেছিলেন। এসব সিসমোগ্রাফ থেকে পৃথিবীতে পাঠানো ডেটা দেখায়, চাঁদেও ‘মুনকোয়েক’ বা ভূমিকম্প হয়। সেগুলো যথেষ্ট শক্তিশালী এবং পৃথিবীর ভূমিকম্পের তুলনায় অনেক বেশি সময় ধরে স্থায়ী হতে পারে।











































