স্টাফ রিপোর্টার।।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুল আলম সাকেরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানা বয়রা মহিলা কলেজের সামনে থেকে গ্রেফতার করেছেন।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি অংশ নাশকতার মাধ্যমে নগরীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিল। সেই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে সাজ্জাদুল আলম সাকেরকে গ্রেফতার করা হয়েছে।
ওসি তৈমুর ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাকের নাশকতার উদ্দেশ্যে সংগঠনের কিছু নেতাকর্মীকে একত্রিত করার চেষ্টা করছে। খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।”

সূত্র জানায়, সম্প্রতি নগরীতে ধারাবাহিক সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় গোয়েন্দা সংস্থা বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সাকেরের ওপর নজর রাখছিল ডিবি। অবশেষে বুধবার রাতে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর সাকেরকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খুলনা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “যে-ই আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করবে, সে-ই হোক রাজনৈতিক পরিচয়ের, ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”











































