বিনোদন ডেস্ক
নতুন ভূমিকায় আসছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতে তো বটেই, একইসঙ্গে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মানুষ শুনতে পাবেন মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে দীপিকাকে। নতুন জার্নি শুরু করে সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নীরব লড়াইয়ের কথা জানান তিনি। দীপিকা বলেন, এই মুহূর্তে মেটা এআইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু বলিউডে আমি যখন পথচলা শুরু করেছি, তখন ভীষণভাবে আমার কণ্ঠস্বর ও উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হতো। সময়ের সঙ্গে সে সব বদলেছে। আমার কাছে এমন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। এগুলো আমার কাছে নতুন কিছু নয়। অভিনেত্রী আরও বলেন, আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনো নিতে পারবে না- তা হলো, মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের। নিঃসন্দেহে দীপিকার ক্যারিয়ারে এ এক নতুন প্রাপ্তি এবং তা যে নায়িকা বেশ উপভোগ করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম যাকে এই ভূমিকায় দেখা যাবে।









































