স্পোর্টস ডেস্ক।।
এল ক্লাসিকোতে গত রোববার ভিনিসিয়ুস জুনিয়র বদলি হিসেবে উঠে যাওয়ার সময়ই পরিলক্ষিত হয় বিষয়টি। ৭২তম মিনিটে সাবস্টিটিউশন বোর্ডে নিজের নাম দেখে হতাশা আড়াল করতে পারেননি এ ব্রাজিলিয়ান তারকা। বেশ ক্ষিপ্ত অবস্থায় কড়া ভাষা শুনিয়ে মাঠ ছাড়েন তিনি। ঘটনাবহুল ক্লাসিকোর পর এ আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এ বিষয়টি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস তো দাবিই করছে যে, ভিনি সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে চাচ্ছেন!
ঘরের মাঠে ম্যাচ শেষ হওয়ার প্রায় আধঘন্টা আগে তুলে নেয়া হয় ভিনিকে। রিয়াল তখন এগিয়ে ২-১ গোলে। বদলি খেলোয়াড়ের জায়গায় নিজের নাম দেখে উত্তেজিত হয়ে পড়েন সেলেসাও ফরোয়ার্ড, মাঠ ছাড়ার সময় বলেন, ‘সব সময় আমি! আমি দল ছেড়ে যাচ্ছি। আমি গেলে যদি ভালো হয়, আমি যাচ্ছি।’ পরে বেঞ্চে না থেকে সরাসরি টানেলের ভেতর হাঁটা ধরেন তিনি। যদিও পরে আবার বেঞ্চে ফিরে আসেন রিয়াল তারকা।
ইএসপিএনের তথ্যানুযায়ী, ভিনি ও রিয়াল কোচ শাবি আলোনসোর সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। ক্লাবের একটি ঘনিষ্ঠ সূত্র ইএসপিএনকে জানায়, ক্লাসিকোতে বদলি হিসেবে তুলে নেয়ার ঘটনায় যারপরনাই ক্ষোভ প্রকাশ করায় দুজনের সম্পর্কের অবনতি আরও স্পষ্ট হয়েছে। মৌসুমের শুরু থেকে বেশ কয়েকটি ম্যাচে ভিনিকে একাদশের বাইরে রেখে শুরু করেন আলোনসো। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচের মধ্যে স্রেফ ৩ ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পান ভিনি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন বলছে, ভিনির ঘনিষ্ঠরা মনে করেন আলোনসো তাকে পছন্দ করেন না। বিষয়টি নিয়ে ভিনি সতীর্থদের সঙ্গে কথা বলবেন এবং পরে আলোনসোর সঙ্গে সামনাসামনি কথা বলবেন।
যদিও ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিনির উত্তেজিত তাকে দোষ দেননি আলোনসো। এ জার্মান কোচ বলেন, ‘ভিনিসিয়ুসের পারফর্মেন্সে আমি খুশি। ও যখন ভালো খেলছিলোম তখনই হয়তো ওকে নামিয়ে নিয়েছি। তবে দলকে চাঙ্গা রাখতে এটি প্রয়োজন ছিল। সে থাকতে চেয়েছিল। এটি সবার ক্ষেত্রেই হয়।’











































