স্পোর্টস ডেস্ক।।
তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নারীদের ফুটবল খেলার ওপর পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা জারি করে। এমনকি জন্মভূমি ছেড়ে পালাতে হয় দেশটির নারী ফুটবলাদের। অবশেষে চার বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফের দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তারা। মরক্কোতে ফিফার আয়োজিত চার দলের এক প্রীতি টুর্নামেন্টে শরনার্থী হিসেবে খেলছেন আফগান মেয়েরা, তাদের দলের নাম আফগান উইমেন ইউনাইটেড।
প্রতিযোগিতাটি শুরু হয়েছে গত রোববার। সেখানে আফগানিস্তানের শরনার্থী ফুটবল দলের সঙ্গে খেলছে চাদ, তিউনিসিয়া ও লিবিয়া। ইতালিতে বসবাস করা আফগানদের অধিনায়ক ফাতিমা হায়দারি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘একসঙ্গে দেখা হওয়া, জড়িয়ে ধরা, একসঙ্গে খেলা, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। খেলোয়াড় হিসেবে জানি যে জীবনে চ্যালেঞ্জ, কষ্ট আসবেই। তবে সবসময় উত্তরণের একটি পথ থাকে। হাল ছাড়লে চলবে না, কখনওই না।’ ২০১৮তে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে আফগানিস্তান। ২০২১-এ তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর দেশের মেয়েদের সবধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। বহু নারী খেলোয়াড় তখন দেশ ছেড়ে পালিয়ে যান। কেউ তো ধরা না পড়ার ভয়ে নিজের জার্সিও পুড়িয়ে ফেলেন।
সবকিছু মিলিয়ে যেন দীর্ঘ আর্তনাদ ফুটে ওঠে হায়দারির কন্ঠে, ‘আমরা এমন কিছু পার করেছি, যা ভাবতেও ভয় লাগে। নিজের দেশ, বন্ধু, পরিবার, সব ফেলে এসেছি। এখনো কিছু মেয়েকে খেলতে না দেখতে পারা কষ্ট দেয়। আমরা তাদের কণ্ঠস্বর হতে চাই।’ কাসাব্লাঙ্কায় রোববারের ম্যাচে চাদের কাছে ৬-১ গোলে হেরে যায় আফগান উইমেন ইউনাইটেড। দলের একমাত্র গোলটি করেন মনোজ নূরী। তবুও স্বস্তির বার্তা দিয়ে নূরী বলেন, ‘আমি এখন নিরাপদ, নিজেকে মুক্ত মনে হয়। আমি শুধু খেলতে চাই, স্বপ্ন দেখতে চাই। শুধু আমার নয়, সেইসব আফগান মেয়েরা যারা ফুটবল খেলতে চায়, এটি তাদের সবার স্বপ্ন।’
আফগানিস্তানের মেয়েদের আবার মাঠে ফেরানো লক্ষ্যে কাজ করেন দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল, তার সাবেক সতীর্থ এবং মানবাধিকার সংস্থাগুলো। এ বিষয়ে পোপাল বলেন, ‘অগণিত বাধা এবং চ্যালেঞ্জের পর চার বছর পেরিয়ে আবারও মেয়েরা আফগান দল হিসেবে ফুটবল খেলছে। অবশ্য দলের নামে এখনো কোনো দেশের নাম নেই। এটি ভালো লাগার মতো একটা শুরু, তবে যথেষ্ট নয়।’
বর্তমানে আফগান নারী দলের কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়া ও ইউরোপ-আমেরিকায় অবস্থান করছেন। দলের কোচ পলিন হামিল জানান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ক্যাম্প করে ফিফা ৭০ জন খেলোয়াড়কে ডাকে। পরে সেখান থেকে মরক্কো টুর্নামেন্টের জন্য ২৩ জনকে বেছে নেয়া হয়। নারী ফুটবল দল নিয়ে এখনও ফিফা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, আবার আফগান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধও করেনি। পোপাল বলেন, ‘আমরা আফগান নারী দল ও স্বাধীন ফুটবল ফেডারেশন হিসেবে স্বীকৃতি চাই। যাতে মেয়েদের মুখ বন্ধ না করা হয় এবং তারা নিজেরাই নিজেদের পথ নির্ধারণ করতে পারে।’











































