খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “আওয়ামী লীগ তাদের ১৭ বছরের দুঃশাসনে রাজনীতি হারিয়েছে, আর জামায়াত ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ভণ্ডামির আশ্রয় নিয়েছে।”
বুধবার (২২ অক্টোবর) বিকেলে খুলনার রূপসা উপজেলার আলাইপুর মাঠ প্রাঙ্গণে খুলনা জেলা যুবদলের আয়োজনে উপজেলা ভিত্তিক যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। হেলাল বলেন, “আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে তারা দেশ থেকে রাজনীতি মুছে দিয়েছে। তাদের অপকর্ম, দুঃশাসন ও নিপীড়নে আজ দেশের মানুষ অতিষ্ঠ। আওয়ামী লীগের রাজনীতি এখন শুধুই ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই।” জামায়াত ইসলামীকে “দ্বিতীয় সারির রাজনৈতিক দল” আখ্যা দিয়ে তিনি বলেন, “তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আন্দোলন করে, আবার সেই সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে বলে— ‘তত্ত্বাবধায়ক ছাড়া ইলেকশন নয়’, কিন্তু শেষ পর্যন্ত ৩শ আসনে প্রার্থী দিচ্ছে। এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়।”
ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর অভিযোগ তুলে আজিজুল বারী হেলাল বলেন, “আমাদের সরল মানুষদের কাছে গিয়ে জান্নাত-জাহান্নামের ভয় দেখিয়ে ইসলামের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। এভাবে তারা ভোটের মাঠে ইসলাম বিক্রি করছে। কিন্তু দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ এখন বুঝে গেছে— ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা আসলে ইসলামবিরোধী।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তিনি বলেন, “ভোট ডাকাতের শেখ হাসিনার প্রদত্ত স্বৈরাচারের অপশক্তি এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তার সঙ্গে এখন যোগ দিয়েছে এই দ্বিতীয় সারির রাজনৈতিক দল জামায়াতে ইসলামী।” বিএনপির এই নেতা ঘোষণা দেন, বিএনপি মাঠে থাকবে শেষ পর্যন্ত— “আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম চালিয়ে যাবো, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির সদস্য এস এম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জি. এম. কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, মোল্লা সাইফুর রহমান, মো. জাবেদ মল্লিক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর। উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।











































