Home খেলাধুলা কড়া বার্তা দিলেন মার্শাল

কড়া বার্তা দিলেন মার্শাল

9


ক্রীড়া প্রতিবেদক।।
এক বছরের চুক্তিতে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যালেক্স মার্শাল। সোমবার রাতে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের এই দুর্নীতি দমন বিশেষজ্ঞ। যুক্তরাজ্য পুলিশের সাবেক এই কর্মকর্তা আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। তবে এই ক্রিকেটের গায়েও কলঙ্কের কালি লাগছে! ফিক্সিংয়ের বিষবাষ্প দূষিত করছে বাংলাদেশের ক্রিকেটকে।

এ কারণেই মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। ঢাকায় এসেই তিনি গতকাল সকালে বিসিবির মানবসম্পদ পুনর্গঠনের জন্য নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া বোর্ড পরিচালক এবং কর্মকর্তাদের সঙ্গে নিজের কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন তিনি। মার্শালের পরামর্শ অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিট নতুন করে ঢেলে সাজানো হবে।

পরে বিকালে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের এই পরামর্শক। সেখানে ক্রিকেটের দুর্নীতিবাজদের জন্য কড়া বার্তাই দিয়েছেন তিনি। মার্শাল বলেন, ‘আমরা নিশ্চিত করব দুর্নীতিবাজরা যেন ছাড় না পায়। আমরা তাদের বাংলাদেশে চাই না, তাদের দেশছাড়া করব। নৈতিকতা বিভাগ শক্ত বার্তা দিতে চায় যে বাংলাদেশে খেলাটা স্বচ্ছ থাকবে।’ তিনি আরও বলেন, ‘যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে ও যথেষ্ট নিরাপত্তাবেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজরা লক্ষ্য বানাবেই।’