ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটার কথাটায় আপত্তি জানিয়েছেন। গতকাল বসুন্ধরা ইনডোর কমপ্লেক্সে তামিম জানান, যারা ক্রিকেট খেলেন তারা সবাই ক্রিকেটার। পরিচয় একটাই, আর সেটা ক্রিকেটার।
বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি তারুণ্যের উৎসবে শামিল হয়েছে। তারা ২ দিনব্যাপী ট্রায়ালের আয়োজন করেছে। এ উৎসবে তামিম ইকবাল ছাড়া সাবেক ক্রিকেটার সানোয়ার, আতহার আলী খান, হাবিবুল বাশার সুমন, সেজান উপস্থিত ছিলেন। আজ মাহমুদউল্লাহ রিয়াদ, আকরাম খান, মুশফিকুর রহিম আসবেন এ আয়োজন দেখতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ ক্রিকেটাররা হাজির হন। ট্রেনে বা বাসে চেপে অনেক রাতে জেগে এসেছেন। তামিম ইকবালকে দেখে তারা বেশ খুশি।
তামিম এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘উনারা তো ক্রিকেট ভালোবেসে খেলে। এই খেলায় তো অনেক টাকা পাবে না। আর ক্রিকেটারের গায়ে ট্যাগ লাগানো ঠিক না। এই যেমন ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটার, নারী ক্রিকেটার, সিনিয়ার ক্রিকেটার আবার জুনিয়র ক্রিকেটার বলা উচিত না। যিনি ক্রিকেট খেলেন তিনি ক্রিকেটার। আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নেই। আমরা সব সময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তা হলে এখানে ট্যাগ কেন? সো আমার প্রশ্ন তাদের কাছে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদেরকে শুধু ক্রিকেটারই বলা উচিত।’
হাবিবুল বাশার সুমন বেশ সন্তুষ্ট এমন আয়োজনে। তিনি বলেন, ‘এমন আয়োজন আরও হওয়া উচিত। এদের খেলা দেখেছি। দুই-একজন খুব ভালো খেলে এখানে। বেশ জোরে বল করে। আবার ব্যাটিংয়েও বেসিক বেশ ভালো মনে হলো। এভাবে এই শ্রেণির ক্রিকেটে আমরা ভালো করব।’
আজ এই আসরের দ্বিতীয় দিন। গতকাল বাছাই কমিটি কয়েকজনকে বাছাই করেছে। তামিম ইকবাল বাছাই প্রক্রিয়া দেখেছেন। আর সবার সঙ্গে গ্রুপ ফটো তোলার পাশাপাশি সময় দিয়েছেন। সংবাদ মাধ্যমে অন্য প্রসঙ্গেও কথা বলেছেন। সেপ্টেম্বরে চট্টগ্রামের হয়ে এনসিএলে খেলবেন, ‘আমার শরীর এখন ভালো আছে। ইনশাল্লাহ ক্রিকেটে ফিরব।’











































