স্টাফ রিপোর্টার
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। আখেরি চাহার শোম্বা” শব্দগুচ্ছ মূলত আরবি ও ফার্সি থেকে এসেছে। এর মধ্যে “আখেরি” অর্থ শেষ, “চাহার” অর্থ চার এবং “শোম্বা” অর্থ বুধবার। অর্থাৎ আখেরি চাহার শোম্বা মানে দাঁড়ায়-সফর মাসের শেষ বুধবার। দিনটিকে মুসলিম উম্মাহ খুশির দিন হিসেবে জানে এবং খুশির দিন হিসেবেই পালন করে।
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ছিল ইসলামী আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কা জীবনে দীর্ঘ ১৩ বছর কাফির কুরাইশদের নির্যাতন সহ্য করার পর হিজরতের পরেও তিনি ইহুদি ও মুনাফিকদের নানা ষড়যন্ত্রের শিকার হন। শত্রুরা সর্বদা তাঁর প্রাণনাশের চেষ্টায় লিপ্ত ছিল।
অবশেষে রাসূলুল্লাহ (সা.) অসুস্থ হলে মুসলমানরা গভীর শঙ্কায় পড়ে, আর ইহুদি-মুনাফিকরা আনন্দিত হয়। কিন্তু হঠাৎ একসময় তিনি সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠেন। প্রিয় নবীর আরোগ্যের এই সংবাদে সাহাবায়ে কেরাম আনন্দে উচ্ছ্বসিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দান-খয়রাত করেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। পরবর্তীতে মুসলিম সমাজে এই দিনটি “আখেরি চাহার শোম্বা” নামে পরিচিত হয়।
আজও বাংলাদেশসহ বিশ্বের বহু মুসলিম দেশে দিনটি গভীর মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। মূলত এটি একটি শুকরিয়া দিবস হিসেবে পালন করা হয়।
আখেরি চাহার শোম্বা মুসলিম উম্মাহর জন্য একটি ঐতিহাসিক ও স্মৃতিবাহী দিন, যা আমাদের মনে করিয়ে দেয়- নবী করিম (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং তাঁর উপর অটল ভরসার গুরুত্ব।











































