স্পোর্টস ডেস্ক||
চলতি বছরের অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। তবে নানান হিসাব-নিকাশ করে সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এমন তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, চীনের বিপক্ষে না খেলে মেক্সিকোর বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা। যুক্তরাষ্ট্রের মাটিতে হবে এই ম্যাচ। মেক্সিকোর বিরুদ্ধে খেললে, ২০২২ সালের বিশ্বকাপের পর দেশটির বিরুদ্ধে এটিই হবে আর্জেন্টিনার প্রথম ম্যাচ।
মেক্সিকোর বিপক্ষে খেললে লাভও আছে আর্জেন্টিনার। কারণ, ২০২৬ সালের বিশ্বকাপ হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয়। যুক্তরাষ্ট্রে ম্যাচ হওয়ায় ভালো প্রস্তুতিও হয়ে রইল মেসিদের। যদিও চীন সফরে আর্থিকভাবে লাভবান হতো আর্জেন্টিনা বোর্ড।
এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বে নিয়মরক্ষার আরও দুইটি ম্যাচ রয়ে গেছে তাদের। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইকুয়েডর।
বাতিল চীন সফর, অক্টোবর-নভেম্বরে কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
বাছাইপর্ব শেষে মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শিকাগোর সোলজার ফিল্ডে আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে মেক্সিকোর মুখোমুখি হবেন মেসিরা। পরে নভেম্বরে অ্যাঙ্গোলা সফরে যাবে আর্জেন্টিনা দল। সেখানে লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলবে অ্যাঙ্গোলা জাতীয় দলের বিপক্ষে অ্যাঙ্গোলার স্বাধীনতাপ্রাপ্তির ৫০ বছর উদ্যাপনে এই ম্যাচ আয়োজন করা হবে।











































