Home খেলাধুলা গ্রুপ পর্বে কখনো বাদ পড়েন না মেসি

গ্রুপ পর্বে কখনো বাদ পড়েন না মেসি

10


স্পোর্টস ডেস্ক||

লিওনেল মেসি তার পুরো ক্যারিয়ারে কখনও গ্রুপ পর্বে বিদায় হননি। ক্যারিয়ারের শেষ বেলায়ও সেটি অটুট আছে। আমেরিকার লিগস কাপে তিনি কাল খেলেননি। কিন্তু তার দল ইন্টার মিয়ামি ৩-১ গোলে পুমাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। মেসি গ্যালারিতে বসে দেখেছেন। এ সময় তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও ছিলেন।

বার্সেলোনার হয়ে ১৭টি গ্রুপ পর্বের সবকটিতে পেরিয়ে গেছেন মেসি। পিএসজির হয়েও দুবার গ্রুপ পর্ব পার হয়েছেন। আর্জেন্টিনার ১২টি গ্রুপ পর্বের সবগুলোতে প্রথম গ্রুপ পর্ব পার করেছেন। ক্যারিয়ারে গ্রুপ পর্বে বিদায় না নেওয়া বেশ চমকপ্রদই। কারণ মেসির ক্যারিয়ার বিশাল।

চোটের কারণে লিওনেল মেসি চলে গেছেন মাঠের বাইরে। তবে মিয়ামির জয়রথ চলছে ঠিকই। তার অভাবটা যেমন গতকাল বৃহস্পতিবার পূরণ করলেন লুইস সুয়ারেজ। তিনি গোল করলেন, জোড়া গোল করালেন, যার একটা আবার গেল রদ্রিগো দে পলের ভাগে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাচেরানো বলেছিলেন, জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। তবে মেসির অনুপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কায় ছিলেন এ আর্জেন্টাইন কোচ। কিন্তু মাঠে তার দল সে শঙ্কা উড়িয়ে দিয়েছে।

এমএলএস থেকে প্রথম দল হিসেবে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে নির্ধারিত সময়ের মধ্যে এবং একটি ম্যাচে টাইব্রেকারে জেতায় তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। কারণ লিগস কাপের নিয়মানুযায়ী, পেনাল্টিতে জিতলে দল পায় ২ পয়েন্ট। মেসিকে ছাড়াও দল হিসেবে ইন্টার মিয়ামির শক্তি যে কতটা, সেটাই যেন দেখিয়ে দিল এই ম্যাচ।