স্টাফ রিপোর্টার
খুলনায় গুলি ও রগকেটে যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার প্রায় একমাসেও প্রকৃত আসামীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তাঁর পরিবার ও রাজনৈতিক নেতারা। তারা বলেছেন, খুলনা মহানগরী এখন অনিরাপদ শহরে পরিণত হয়েছে। কেউ বাড়ি থেকে বের হয়ে স্বাভাবিকভাবে ফিরবে এমন নিশ্চয়তা নেই।
বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নিহত মাহবুবের পরিবার ও মহেশ্বরপাশা পশ্চিমপাড়া নবারুণ যুব সংঘের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আহ্বান করা হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বক্তব্য দেন মহানগর বিএনপির দপ্তর ইনচার্জ শরিফুল ইসলাম টিপু, নিহত মাহবুবের বাবা আব্দুল করিম মোল্লা, চাচা রহিম মোল্লা ও ভাই মিজানুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা আজ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নগরীতে পরিণত হয়েছে। শুধু মাহবুব হত্যা নয়, এই হত্যার পরেও নগরীতে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু কোনটির কিনারা হয়নি। একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, যার কোনো বিচার হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামতে বাধ্য হবে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকে সাহসী যোদ্ধার মতো লড়াই করেছেন মাহবুব। তিনি ছিলেন বিএনপির পতাকাতলে এক অকুতোভয় সৈনিক। সেই মাহবুবকে কিছুদিন আগে তার নিজ বাড়ির সামনে নির্মমভাবে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। তাঁর ছোট ছোট বাচ্চার মুখের দিকে তাকানো যায়না। পিতাহারা শিশু ও তাঁর বিধবা স্ত্রী, স্বজনরা মাহবুব হত্যার বিচার চান।
উল্লেখ্য, গত ১১ জুলাই নগরীর দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা।











































