স্পোর্টস ডেস্ক।।
চোটের কারণে মাঠের বাইরে লিওনেল মেসি। কবে ফিরবেন তিনি, সেটিই এখন ইন্টার মায়ামি ভক্তদের বড় প্রশ্ন। তবে দলটির কোচ হাভিয়ের মাচেরানো এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। শুধু এটুকু নিশ্চিত করেছেন—পুমাস ইউএনএএমের বিপক্ষে লিগস কাপের ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি।
এর আগে গত রবিবার সকালে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। পরে ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টাইন তারকা ‘মাংসপেশির হালকা চোটে’ ভুগছেন। তবে মাঠে ফিরতে কত সময় লাগবে, সে বিষয়ে তখন কিছু জানানো হয়নি।
লিগস কাপে পুমাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, ‘মেসির সঙ্গে কথা হয়েছে। ক্লাব ইতিমধ্যেই তার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে। খারাপের মধ্যেও ভালো খবর হলো—আঘাতটা গুরুতর নয়।’
তবে ফেরার সময়সূচি নিয়ে কোনো অনুমান করতে চান না কোচ,‘বিশেষ করে লিওর ক্ষেত্রে অনুমান করা ঠিক না। সাধারণত সে দ্রুত সেরে ওঠে। আমরা পরবর্তী পরীক্ষাগুলো দেখব, বুঝব সে কেমন বোধ করছে। এরপরই সে দলের সঙ্গে যোগ দেবে।’
পুমাসের বিপক্ষে ম্যাচের পর আগামী সোমবার এমএলএসে তারা মুখোমুখি হবে অরল্যান্ডো সিটির। এবারের এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৮ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে আছেন মেসি।











































