Home খেলাধুলা রিটায়ার্ড আউট হয়ে যে তালিকায় ‘প্রথম’ চেইস

রিটায়ার্ড আউট হয়ে যে তালিকায় ‘প্রথম’ চেইস

12


স্পোর্টস ডেস্ক

ব্যাটসম্যান যেভাবেই আউট হোন না কেন, সেটি মোটেই সুখকর নয়। তবে ক্রিকেটে সবচেয়ে অপ্রত্যাশিত ও বিব্রতকর আউট হয়তো ‘রিটায়ার্ড আউট’—ব্যাটিং করতে করতে হঠাৎ নিজ ইচ্ছায় মাঠ ছেড়ে দেওয়া, যেন ব্যর্থতার প্রকাশ্যে স্বীকৃতি। এবার এমনই এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হলেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইস।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে, ফ্লোরিডায় ‘রিটায়ার্ড আউট’ হন চেইস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি মোট ১২তম রিটায়ার্ড আউট হলেও, টেস্ট খেলুড়ে পূর্ণ সদস্য দেশের কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে এই ঘটনা এটাই প্রথম।

চেইস মাঠে নামেন ইনিংসের ১৪তম ওভারে, তখন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৭ ওভারে ৮০ রান। উইকেট হাতে ছিল সাতটি, কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। শুরুতে একটি বাউন্ডারি মেরে আত্মবিশ্বাস দেখালেও এরপর আর খেলায় গতি আনতে পারেননি চেইস। একপর্যায়ে তার সংগ্রহ দাঁড়ায় ১০ বলে ১০ রান।

হারিস রউফের এক ওভারে একটি বাউন্ডারি ও একটি সিঙ্গেল নেওয়ার পর চেইসকে হঠাৎই মাঠ ছাড়তে হয়। ১২ বলে ১৫ রান করে ‘রিটায়ার্ড আউট’ হন তিনি। তার জায়গায় ক্রিজে আসেন জেসন হোল্ডার, কিন্তু দ্বিতীয় বলেই বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত ১৩ রানে হেরে সিরিজও হারায় ক্যারিবিয়ানরা।

টি-টোয়েন্টি লিগগুলোতে ‘রিটায়ার্ড আউট’ এখন বেশ পরিচিত কৌশল হলেও, আন্তর্জাতিক ক্রিকেটে এটি এখনো বিরল। চেইসকে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই আউটের সংখ্যা দাঁড়াল ১২টিতে, আর টি-টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে এটি ৪৮তম নজির।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘রিটায়ার্ড আউট’-এর ঘটনা ঘটে ২০১৯ সালের এসএ গেমসে, নেপালের কির্তিপুরে। মালদ্বীপের বিপক্ষে ভুটানের সোনাম টোবগে ৩৫ বলে ২৪ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। এরপর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপিয়ান বাছাইপর্বে ফ্রান্সের হেভিট জ্যাকসন দুবার এমনভাবে আউট হন—একবার চেক রিপাবলিকের বিপক্ষে, আরেকবার এস্তোনিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার ‘রিটায়ার্ড আউট’ হওয়া একমাত্র ব্যাটসম্যান তিনিই।

এছাড়া গাম্বিয়ার মুস্তাফা সুয়ারেহ, নামিবিয়ার নিকোলাস ডেভিন, গ্রিসের ক্রিস্তোদুলাস বোগদানোস, সংযুক্ত আরব আমিরাতের আলি নাসির ও ইথান ডি’সুজা, বতসোয়ানার ভিনু বালাকৃষ্ণান, নাইজেরিয়ার সেলিম সালাউ এবং সুইজারল্যান্ডের খালিদ নিয়াজিও রিটায়ার্ড আউট হওয়ার নজির গড়েছেন।

তবে অভিজাত ক্রিকেট খেলুড়ে দেশ থেকে এবারই প্রথম সেই তালিকায় যুক্ত হলেন রোস্টন চেইস।

যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ‘রিটায়ার্ড আউট’-এর সূত্রপাত অবশ্য অনেক আগে, ২০০১ সালে। কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার মারভান আতাপাতু ও মাহেলা জয়াবর্ধনে যথাক্রমে ডাবল সেঞ্চুরি ও দেড় শতক করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন—তবে সেটা কৌশলগত নয়, দলের অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতেই। সেই ঘটনা ছিল গৌরবের, চেইসের অভিজ্ঞতা তার বিপরীত—একটা চাপা লজ্জার অনুভব।

টেস্ট ক্রিকেটে রিটায়ার্ড আউটের সেই দুটি উদাহরণই একমাত্র। ওয়ানডে ক্রিকেটে এই আউট এখনও দেখা যায়নি। কিন্তু টি-টোয়েন্টিতে সময় যত যাচ্ছে, এমন দৃশ্য আরও নিয়মিত হওয়ার সম্ভাবনাই বেশি।