স্টাফ রিপোর্টার
ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে তিনি অভিনয় থেকে অনেকটা দূরে আছেন। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এদিকে, সম্প্রতি শিল্পীদের সামাজিক মাধ্যমে নানাভাবে বুলিং করা হচ্ছে। এ বিষয়ে মোনালিসা সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত শেয়ার করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ইদানীং দেখছি অনেক শিল্পীদের নিয়ে অনেকে সমালোচিত মন্তব্য করছেন। একটি স্বাধীন দেশে সবাই তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। সেটা সব সময়ই যে সবার মতের মতো হবে, তা নয়। অপমান করা খুব সহজ। যে কেউ চাইলেই করতে পারে, এর জন্য যোগ্যতা লাগে না। কিন্তু সম্মান করতে শিক্ষার প্রয়োজন হয়। আদব, কায়দা শিখতে হয়, সম্মান দেখানো সহজ কাজ না। কিন্তু সেটার জন্য আপনি তাকে কটু কথা, গালিগালাজ, বদদোয়া ইত্যাদি নানাবিধ উপায়ে হেনস্তা করতে পারেন না। এটা কোনোভাবে কোনো সুশিক্ষা ও সভ্যতার পরিচয় নয়। বেয়াদব, উদ্ধত, অকৃতজ্ঞ, অবিনীত, অশালীন, অভদ্র মানুষজন আমার অপছন্দ। এরা আমার জীবনের ধারে কাছেও সিম্পলি থাকার যোগ্যতা রাখে না। আমি আশা করি- প্রত্যেক শিল্পীকে শ্রদ্ধার চোখে দেখা উচিত এবং সেই সম্মানটুকু দেয়া উচিত।











































