Home বিনোদন শশীর অনুরোধ

শশীর অনুরোধ

12


স্টাফ রিপোর্টার

ছোট ও বড় পর্দায় কাজ করে সুঅভিনেত্রী হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছেন শারমীন জোহা শশী। বিশেষ করে ‘হাজার বছর ধরে’ সিনেমার মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার ভুলভাল কাস্টিং নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেছেন। পোস্টে অনুরোধ করে শশী বলেন, অনুগ্রহ করে আমাকে ভুলভাল কাস্টিংয়ের জন্য নক করা বন্ধ করুন। কোথাও আমার নাম শুনে বা ছবি দেখে আমাকে কাস্টিং করে ফেলবেন না! দেখতে দেখতে ‘হাজার বছর ধরে’ সিনেমার ২০ বছর পূর্তি হয়ে গেল। গত ২০ বছরে আমি নাটক, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন এবং ডাবিংয়েও কাজ করেছি। শশী বলেন, আমাকে কাস্টিং করার আগে একটু আমাকে জেনে নেবেন। আমি কে, কেন আমাকে কাস্টিং করছেন, কোন চরিত্রে করছেন, বিগত বছরে আমি ঠিক কী ধরনের কাজ করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ধরনের চরিত্রে কাজ করেছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমার স্ক্রিন প্রেজেন্স কম বা নাই বললেই চলে বলে আপনি সুযোগ করে দিচ্ছেন বা আমি নতুন করে আবার নায়িকা হবো- এসব আবোল-তাবোল কথা তো অবশ্যই ভাববেন না। স্ক্রিন প্রেজেন্স না থাকার কারণটাও আপনারা।

কনফিডেন্টলি ভুল মানুষকে ভুল কাস্টিংয়ের জন্য ফোন বা টেক্সট করে বসেন! আর আমি না করে যাচ্ছি। শশী ক্ষোভের সুরে বলেন, এসব করে আপনারা যে স্বপ্নে আমার কথা ভেবেছিলেন আমি না করাতে আপনাদের সেই স্বপ্নভঙ্গ হচ্ছে। অপরদিকে, ভুল স্ক্রিপ্ট পড়ে আমার সময় নষ্ট হচ্ছে। একটি ভুল কাস্টিংয়ে একজন শিল্পীকে নক করে তাকে ভীষণভাবে অসম্মানিত করছেন। অজ্ঞ হবেন না, যোগ্য হন, যোগ্য শিল্পীকে যোগ্য কাজটি দিন।