বিনোদন ডেস্ক।।
অভিনেত্রী মৌ শিখা। এ পর্যন্ত অসংখ্য নাটকে কাজ করেছেন। অভিনয় করেছেন সিনেমাতেও। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোন কাজ না থাকায় ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানিয়েছিলেন, তিনি কাজ করে যেতে চান। তাকে যেন বেঁচে থাকতেই মূল্যায়ন করা হয়। মৃত্যুর পর তার জন্য আফসোস করে লাভ নেই। তার সেই পোস্ট ভাইরাল হয়। তবে সেই পোস্টের পর শোবিজ অঙ্গনে বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। সেই আলোচনা এখন অভিনেত্রীর জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে।
অভিনেত্রীর অভিযোগ, তার সেই পোস্ট পুজি করে ভিউ ব্যবসায়ীরা মনগড়া ভিডিও, কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন। সম্প্রতি নতুন এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, দৃষ্টি আকর্ষণের জন্য বলছি- আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আগের তুলনায় আমাদের কাজ কম হচ্ছে এই আফসোস নিয়ে। অথচ কিছু কিছু ইউটিউবার, ব্লগার আমার এই পোস্টটাকে নিজেদের মতো করে বিভিন্ন নাটক থেকে দুঃখী দুঃখী চেহারার ছবি নিয়ে নানানভাবে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আমি কখনোই বলি নাই আমি বাসা ভাড়া দিতে পারছি না, সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাহলে এইসবের মানে কি। এছাড়া তিনি আরও বলেন, এখানে বলা হয়েছে যে আমরা যারা রেগুলার কাজ করতাম তাদের কাজ ছাড়া সময় কাটাতে কষ্ট হচ্ছে। তাই যেন একটু খেয়াল করা হয় যাতে আমরা আগের মত কাজ করতে পারি। এইসব না বলে আমাদের স্ট্যাটাসকে নানাভাবে নিজেদের মতো করে তারা ব্যবসা করছে। এরকমভাবে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে যা খুবই বিরক্তিকর ও কষ্টদায়ক। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি- এইসব ফাইজলামির একটা সীমা আছে।











































