Home খেলাধুলা শেষ ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে শিরোপা জেতালেন হেনরি

শেষ ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে শিরোপা জেতালেন হেনরি

11


স্পোর্টস ডেস্ক।।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে দরকার ছিল মাত্র ৭ রান, হাতে তখনো ৬ উইকেট। টি-টোয়েন্টিতে এমন জায়গা থেকে হেরে যাওয়ার ঘটনা লেখা থাকে বিরল ইতিহাস হিসেবে। দক্ষিণ আফ্রিকাকে বিরল সেই হার উপহার দিলেন ম্যাট হেনরি। শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ৩ রানের অবিশ্বাস্য জয় এনে দেন এই পেসার।

ম্যাচটিও কম গুরুত্বপূর্ণ নয়। হারারেতে জিম্বাবুয়েসহ এই দুই দলকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ছিল এটি। যেখানে হেনরির বীরত্বে কপাল পুড়ল প্রোটিয়াদের।

এর আগে, প্রথমে ব্যাট করে টপ অর্ডারের তিন ব্যাটার টিম সেইফার্ট, ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রর ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে নিউজিল্যান্ড। সেইফার্ট ২৮ বলে ২০, কনওয়ে ৩১ বলে ৪৭ ও রাবিন্দ্র সমান রান করেন ২৭ বলে।

জবাব দিতে নেমে ১০ ওভারের আগেই বিনা উইকেটে নব্বইয়ের বেশি রান তুলে ফেলে প্রোটিয়ারা। তবে এরপরই আস্তে আস্তে ম্যাচের সুবিধাজনক স্থান থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা। শেষদিকে ডেওয়াল্ড ব্রেভিসের ঝড়ে ফের জয়ের কাছাকাছিই চলে যায় দক্ষিণ আফ্রিকা। তবে হেনরির কাছে হার মানে তারা।

বৃথা যায় ব্রেভিসের ১৬ বলে ৩১ রানের ইনিংস। এর আগে, ওপেনার লুহান-ড্রে প্রিটোরিয়াস খেলেন ৩৫ বলে ৫১ রানের ইনিংস। এছাড়া রিজা হেনড্রিকস ৩১ বলে ৩৭ ও রাসি ভ্যান ডার ডুসেন ১৭ বলে ১৮ রান করেন। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার হেনরির। একটি করে উইকেট নেন জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, অ্যাডাম মিলনে ও মাইকেল ব্রেসওয়েল।