মিলি রহমান।।
শরীরের সুস্থতার জন্য যেমন হৃদয় বা মস্তিষ্কের যত্ন দরকার, তেমনই জরুরি অন্ত্রের স্বাস্থ্যও। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তাদের হরমোন, রোগ প্রতিরোধক্ষমতা ও মেজাজের সঙ্গে অন্ত্রের স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। এই বিষয়েই সম্প্রতি পরামর্শ দিয়েছেন ভারতের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান এআইআইএমএসসহ স্ট্যানফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সওরভ শেঠী। তিনি জানিয়েছেন, নারীদের জন্য অন্ত্র-সুস্থ রাখা কেন গুরুত্বপূর্ণ এবং কোন চারটি খাবার তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
নারীদের অন্ত্রের জন্য উপকারী ৪টি খাবার
১. শাক-সবজি: পাতাযুক্ত সবুজ শাক যেমন পালং, কলমি বা সরিষা শাক এসব খাবারে ম্যাগনেসিয়াম ও ফাইবার প্রচুর পরিমাণে থাকে। এই পুষ্টিগুণ অন্ত্রকে সুস্থ রাখে এবং পেট ব্যথা বা ক্র্যাম্প কমায়।
২. ব্লুবেরি: অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলে ভরপুর ব্লুবেরি অন্ত্র ও মস্তিষ্কের জন্য দারুণ উপকারী। এটি হজমশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
৩. ফেরমেন্টেড খাবার: দই, কেফির বা অন্য যেকোনো ফেরমেন্টেড খাবার অন্ত্র এবং যোনি-মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটিয়ে নারীদের হজম প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখে।
৪. কুমড়ার বিচি: জিঙ্ক ও ফাইবারে সমৃদ্ধ কুমড়ার বিচি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। এটি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং শরীরকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সাহায্য করে।
অন্ত্রের স্বাস্থ্য মানে শুধুই হজমশক্তি নয় এটি নারীদের হরমোন নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত এই চারটি খাবার অন্তর্ভুক্ত করলে শরীর ও মন থাকবে ভালো। তবে যে কোনো স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।










































