মিলি রহমান।।
রসুন, আদা ও লেবু তিনটি সাধারণ রান্নার উপকরণ হলেও প্রতিদিন এই তিনটির মিশ্রণে তৈরি পানি পান করলে মিলতে পারে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা। ইমিউন সিস্টেম শক্তিশালী করা থেকে শুরু করে হজম শক্তি বাড়ানো ও ওজন কমানো পর্যন্ত, এই প্রাকৃতিক পানীয় হয়ে উঠতে পারে আপনার দৈনন্দিন স্বাস্থ্যের সহায়ক।
কী রয়েছে এই পানীয়তে?
রসুন, আদা ও লেবুর পুষ্টিগুণ অত্যন্ত সমৃদ্ধ। প্রতি ১ কোয়া বা প্রায় ৩ গ্রাম রসুনে: ক্যালরি ৪, কার্বোহাইড্রেট ১ গ্রাম এবং ০.২ গ্রাম প্রোটিন থাকে। প্রতি ১ স্লাইস বা প্রায় ১ গ্রাম আদায়: ক্যালরি ৫, কার্বোহাইড্রেট ১ গ্রাম থাকে। প্রতি ১০০ গ্রাম লেবুর পানিতে: ক্যালরি ১৭, কার্বোহাইড্রেট ৫.৪ গ্রাম, ১.১ গ্রাম প্রোটিন থাকে।
রসুন, আদা ও লেবুর পানির উপকারিতা
১. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
এই তিন উপাদানেই রয়েছে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির গুণ। রসুনে রয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান, আদা কাজ করে প্রদাহ কমাতে, আর লেবু সরবরাহ করে ভিটামিন সি যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে করে আরও সক্রিয়।
২. হজমে সহায়তা করে
আদা বহু বছর ধরে হজমে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি বমিভাব ও গ্যাসের সমস্যা কমাতে কার্যকর। রসুন পেটের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। আর লেবুর অম্লীয়তা হজমের রস উৎপাদন বাড়ায়।
৩. ওজন কমাতে সহায়তা করে
ডায়েটিশিয়ান গুলনাজ শেখ জানাচ্ছেন, এই পানীয় ক্ষুধা কমাতে ও চর্বি পোড়াতে সাহায্য করে। আদা তৃপ্তির অনুভূতি বাড়ায়, লেবু চর্বি পোড়ানোর হার বাড়াতে পারে এবং রসুন বিপাকক্রিয়া উন্নত করতে সহায়তা করে।
৪. শরীরকে হাইড্রেটেড রাখে
এই পানীয় স্বাদে সতেজ ও প্রাকৃতিক হওয়ায় দিনে বেশি পরিমাণ পানি পান করতে উৎসাহিত করে। ফলে শরীর পানিশূন্যতা থেকে বাঁচে।
৫. ত্বক ভালো রাখে
অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই পানীয় অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যা বয়সজনিত ত্বকের সমস্যার অন্যতম কারণ। লেবুর ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ফলে ত্বক আরও টানটান ও দীপ্তিময় হয়।
সতর্কতা:
অ্যালার্জি: কারও কারও জন্য রসুন, আদা বা লেবুতে অ্যালার্জি থাকতে পারে। নতুন করে খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করা জরুরি।
ঔষধের সঙ্গে প্রতিক্রিয়া: রসুন ও আদা রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। তাই নিয়মিত ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
অ্যাসিডিটি: লেবুর অম্লীয়তা পেটের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই অতিরিক্ত পান করা থেকে বিরত থাকুন।










































