Home আলোচিত সংবাদ খুলনার শিল্পাঞ্চল সচল ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি হুইপ বকুলের

খুলনার শিল্পাঞ্চল সচল ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি হুইপ বকুলের

19


ঢাকা অফিস।।


খুলনা-৩ আসনের বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু অথবা সেখানে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।


রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি খুলনার সার্বিক উন্নয়নের এই দাবি তুলে ধরেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।


বন্ধ মিল সচল ও কর্মসংস্থানের দাবি: হুইপ বকুল তাঁর বক্তব্যে খুলনার শিল্পাঞ্চলের দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন, খুলনা-৩ নির্বাচনী এলাকার খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী শিল্পাঞ্চলের নিউজপ্রিন্ট মিল, জুট মিল এবং হার্ডবোর্ড মিলসহ বহু ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব মিল দ্রুত পুনরায় চালু করা অথবা বিকল্প হিসেবে সেখানে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা জরুরি। এর মাধ্যমে প্রায় ২০ থেকে ২৫ হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন: খুলনাবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্য ও শিক্ষা সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ণাঙ্গ হাসপাতাল: প্রায় ১০ লাখ মানুষের বসবাস থাকা সত্ত্বেও এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতালের তীব্র অভাব রয়েছে।


বিশ্ববিদ্যালয় ও কলেজ: খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন, একটি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান তিনি। ক্রীড়া উন্নয়ন: খুলনার বিভাগীয় স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান হুইপ বকুল।


“এই বাজেট দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে। সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে চ্যালেঞ্জিং এই বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব।


বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে।