বিনোদন ডেস্ক।।
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ তারকারাও সামাজিকমাধ্যমে জানাচ্ছেন নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন। সেই তালিকায় এবার যোগ দিলেন চিত্রনায়িকা পূজা চেরি।
শনিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ হাসিখুশি ও প্রাণবন্ত মেজাজে। ছবিগুলোর ক্যাপশনে পূজা লেখেন, ‘সব সময়ই আর্জেন্টিনার পাশে আছি। প্রতিটি গোল, প্রতি ফোঁটা অশ্রুতে, প্রতিটি বিজয়ে।’ এই এক বাক্যেই প্রিয় দলের প্রতি নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া মেলে। মাত্র ১৫ ঘণ্টায় ছবিগুলোতে প্রায় ২৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। পাশাপাশি শত শত মন্তব্যে অনেকেই অভিনেত্রীর লুকের প্রশংসা করেছেন, আবার অনেকে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়েছেন। বিশ্বকাপকে ঘিরে সামাজিকমাধ্যমে তারকাদের সরব উপস্থিতি নতুন নয়। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ অন্য প্রিয় দলের হয়ে শুভকামনা জানাচ্ছেন। পূজা চেরির এই পোস্টও সেই বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন পূজা চেরি। চলতি বছর দুই ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় ‘দম’, আর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসে ‘মাসুদ রানা’। দুটি সিনেমাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল।










































