Home খেলাধুলা আর্জেন্টিনার সহজ পথ, ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা

আর্জেন্টিনার সহজ পথ, ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা

0

স্পোর্টস ডেস্ক।।

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে নকআউট নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রানার্স-আপ ফ্রান্সের জন্য নকআউটের পথটি সম্পূর্ণ ভিন্ন। লিওনেল মেসির আর্জেন্টিনার ওপর যেন ভাগ্যের দেবী বিশেষভাবে প্রসন্ন।

রাউন্ড অব ৩২-এ আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে বিশ্বকাপের নবাগত আন্ডারডগ দল কেপ ভার্দের। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা।

যদি তারা পরের রাউন্ডে অর্থাৎ শেষ ১৬-তে পা রাখে, তবে তাদের খেলতে হবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য কঠিন প্রতিপক্ষ হতে পারে বড়জোর কলম্বিয়া।

সমীকরণ বলছে, সেমিফাইনালের আগে কোনো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হচ্ছে না মেসিদের। সেমিফাইনালে গিয়ে তারা ব্রাজিল বা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে পারে। অন্যদিকে, ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপীয় পরাশক্তিদের পথটা শুরু থেকেই বেশ কণ্টকাকীর্ণ। রাউন্ড অব ৩২-এ ফ্রান্স লড়বে সুইডেনের বিরুদ্ধে। এই বাধা পার হতে পারলে শেষ ১৬-তে তাদের মুখোমুখি হতে হতে পারে জার্মানির, যারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

একই অবস্থা স্পেন ও পর্তুগালেরও। স্পেন লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে এবং পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। দুই পরাশক্তিই যদি জয়ী হয়, তবে শেষ ১৬-তেই দেখা যাবে ইবেরিয়ান পেনিনসুলার এক মহাক্লাসিক ‘স্পেন বনাম পর্তুগাল’ দ্বৈরথ। কেবল তা-ই নয়, ফ্রান্স ও স্পেন নিজ নিজ বাধা পেরিয়ে টিকে থাকলে সেমিফাইনালেই ফাইনালে ওঠার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে পারে।

ফরাসিদের জন্য পথটি আরও কঠিন হতে পারে কারণ কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হতে পারে নেদারল্যান্ডস অথবা মরক্কোর বিপক্ষে। রাউন্ড অব ৩২-এ ডাচ ও মরক্কো দল একে অপরের মুখোমুখি হচ্ছে, যা চলতি রাউন্ডের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। একই সাথে বেলজিয়াম ও সেনেগালের মধ্যকার জয়ী দলটির শেষ ১৬-তে স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ইংল্যান্ড তাদের নকআউট যাত্রা শুরু করবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিরুদ্ধে। এই ম্যাচে তারা পরিষ্কার ফেভারিট এবং জিতলে শেষ ১৬-তে তারা খেলবে ইকুয়েডর ও আয়োজক দেশ মেক্সিকোর মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এবারের নকআউট যাত্রাটি মোটেও সহজ হবে না। রাউন্ড অব ৩২-এ সেলেসাওদের প্রতিপক্ষ জাপান। কাগজে-কলমে জাপান সহজ প্রতিপক্ষ মনে হলেও দলটির বর্তমান প্রজন্ম দারুণ প্রতিভাবান। জাপানকে হারাতে পারলে শেষ ১৬-তে ব্রাজিলের সামনে পড়তে পারে আর্লিং হালান্ডের নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ব্রাজিল ও ইংল্যান্ড যদি নিজেদের ম্যাচগুলো জিতে এগিয়ে যায়, তবে কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ‘ব্লকবাস্টার’ ম্যাচ; ব্রাজিল বনাম ইংল্যান্ড। আর এই কোয়ার্টার ফাইনালের অগ্নিপরীক্ষায় যে দল টিকে থাকবে, সেমিফাইনালে সম্ভবত তাদেরই লড়তে হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে।

নকআউট পর্বের এই কঠিন সমীকরণ ও সম্ভাব্য ক্লাসিক ম্যাচগুলো ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য রোমাঞ্চের জন্ম দিতে যাচ্ছে, যেখানে ছোট কোনো ভুলেই ভাঙবে বিশ্বজয়ের স্বপ্ন।