ঢাকা অফিস।।
জুলাই সনদে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, বিরোধী দল সংসদীয় কমিটিতে এসে তাদের মতামত জানালে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেসব বিষয় শিথিলের বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, তারা এখনো পর্যন্ত বিরোধী দলের আনুষ্ঠানিক মতামত শুনতে পাননি। বিরোধী দল যদি নির্দিষ্ট কোনো ক্ষেত্রে ‘নোট অফ ডিসেন্ট’ শিথিল করার বিষয়ে আগ্রহী হয়, তবে তাদেরকে কমিটিতে এসে স্পষ্ট করে তা বলতে হবে। তারা বিষয়গুলো তুলে ধরলে কমিটি অবশ্যই তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
সংবিধান সংশোধনের অতীত প্রেক্ষাপট টেনে অপর এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০১১ সালের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে তৎকালীন কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তসহ কমিটির সদস্যরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বজায় রাখার পক্ষেই একমত হয়েছিলেন। তবে পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তাদের ওপর নির্দেশ চাপিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, যা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে প্রকাশ পেয়েছিল।
তৎকালীন সময়ের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময় একদলীয় স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা চালানো হয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকারের অবস্থান ও কর্মপদ্ধতির সঙ্গে সেই সময়ের তুলনা করা কোনোভাবেই সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন।











































