Home জাতীয় জুলাই আন্দোলন সবার: ববি হাজ্জাজ

জুলাই আন্দোলন সবার: ববি হাজ্জাজ

0

ঢাকা অফিস।।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ফ্যাসিস্টদের বাজেট হিসেবে অভিহিত করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, জুলাই আন্দোলন কারো একপক্ষের ছিল না, এটি ছিল আমাদের সবার।

যারা ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে জেল-জুলুম সহ্য করে আজ এই সংসদে এসেছেন, তাদের দেওয়া প্রথম বাজেটকে এমন বিশেষণে বিশেষায়িত করা অত্যন্ত নিন্দনীয়। রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ববি হাজ্জাজ বলেন, গতকাল (শনিবার,২৭ জুন) একজন সংসদ সদস্য এই বাজেটকে ফ্যাসিস্টদের বাজেট বলেছেন। আমি এই শব্দচয়নের শক্ত বিরোধিতা করছি। আমরা যারা ১৭ বছর রাজপথে যুদ্ধ করেছি, যাদের নামে অসংখ্য মামলা ছিল, মাসের পর মাস জেল খেটেছি— তাদের এই সাহসী ও কনফিডেন্ট বাজেটকে ছোট করা সমীচীন নয়।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৪ জুলাই তৎকালীন সংসদ নেতা তারেক রহমান এবং বর্তমান অর্থমন্ত্রীসহ আমরা একটি বৈঠকে বসেছিলাম। সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে, আমরা রাজপথে কোটাবিরোধী আন্দোলনকে সব ধরনের সহযোগিতা দেব। তবে আমরা দলের নাম ব্যবহার করিনি, যাতে সরকারপক্ষ এটাকে দলীয়করণ করে দমিয়ে দেওয়ার সুযোগ না পায়। জুলাই আন্দোলনের স্পিরিটটা ছিল সম্মিলিত। এখানে নুরুল হক নুর আছেন, জোনায়েদ সাকি আছেন— আমরা সবাই একসঙ্গে রাজপথে ছিলাম। সেই স্পিরিট আমাদের এই মহান সংসদেও ধরে রাখতে হবে।

বাজেটকে সাহসী ও কনফিডেন্ট উল্লেখ করে তিনি বলেন, পারফেক্ট বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সময়োপযোগী বাজেট। এটি বাস্তবায়নের পূর্ণ আত্মবিশ্বাস আমাদের আছে।

প্রাথমিক শিক্ষা খাতের বাজেট নিয়ে ববি হাজ্জাজ জানান, এ খাতে ৪৬ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তাদের ৯ম বা ১০ম গ্রেডে উন্নীত করার কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে বছরে বাড়তি প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হবে, যা বর্তমান বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, আগামী পাঁচ বছর আমরা একসঙ্গে কাজ করলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও দেশের চেহারা পুরোপুরি বদলে যাবে।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে যে অগ্রগতি হয়েছে, তা দেশের জন্য বড় অর্জন।