খবর বিজ্ঞপ্তি।।
খুলনার ফুলতলা উপজেলার পাইগ্রাম কসবায় আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘লায়ন শিল্পী ডায়াবেটিস কেয়ার সেন্টার’। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ)-এর আন্তর্জাতিক অনুদানে স্থাপিত এ কেন্দ্র থেকে এখন থেকে নামমাত্র ফিতে সাধারণ মানুষ ডায়াবেটিস, চক্ষু, ডেন্টাল ও কান-নাক-গলা (ইএনটি) বিভাগের উন্নত চিকিৎসাসেবা পাবেন।

শনিবার (২৭ জুন) পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাবের স্থায়ী ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ১ বাংলাদেশের জেলা গভর্নর এ কে এম গোলাম ফারুক। অনুষ্ঠানে জানানো হয়, এলসিআইএফ-এর ‘এঙ্প্যান্ড লায়ন হেলথ সেন্টার ইন ফুলতলা’ প্রকল্পের আওতায় এই স্বাস্থ্যকেন্দ্রটি আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়েছে। অত্যন্ত গৌরবের বিষয় যে, এলসিআইএফ-এর এই বিশেষ স্বাস্থ্যসেবা-সংক্রান্ত আন্তর্জাতিক অনুদান পাওয়া দেশের একমাত্র ক্লাব হলো খুলনার ‘পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাব’। এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা, উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য ও বিশেষ ভূমিকা রাখায় বিশিষ্ট সমাজসেবী ও লায়ন্স নেত্রী সালমা সুলতানা শিল্পীর নামে কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর এ কে এম গোলাম ফারুক বলেন, “এই আধুনিক কেয়ার সেন্টারটি চালু হওয়ায় ফুলতলা ও এর আশপাশের অঞ্চলের সাধারণ মানুষ এখন ঘরের কাছেই স্বল্প খরচে বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। এর ফলে চিকিৎসার জন্য ভুক্তভোগীদের খুলনা শহরে যাওয়ার ভোগান্তি ও প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে।” এতে প্রান্তিক জনগোষ্ঠীর সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবিদ হাবিব বলেন, “মানবসেবাই লায়ন্সের মূল দর্শন ও চালিকাশক্তি।
আন্তর্জাতিক এই সহযোগিতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার যে যাত্রা শুরু হলো, তা ভবিষ্যতে আরও বড় পরিসরে ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবিনা সিদ্দিকা (সাবেক জেলা গভর্নর), মিজানুর রহমান (জেলা ক্যাবিনেট সেক্রেটারি), সাইদুর রহমান (জেলা ট্রেজারার) প্রমূখ। এছাড়াও লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই কেন্দ্রের মাধ্যমে ফুলতলার স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।











































