Home আঞ্চলিক ফুলকে ভুল নামে চেনেন অনেকে: খুলনার শের-এ-বাংলা রোডে ফুরুসের মায়াবী সমারোহ

ফুলকে ভুল নামে চেনেন অনেকে: খুলনার শের-এ-বাংলা রোডে ফুরুসের মায়াবী সমারোহ

12


শামিম শিকদার।।


খুলনা নগরীর ব্যস্ততম শের-এ-বাংলা রোড; ময়লাপোতা থেকে গল্লামারী পর্যন্ত বিস্তৃত এই পিচঢালা পথ ধরে যারা হেঁটে যান কিংবা যান্ত্রিক গাড়িতে ছুটে চলেন, তাদের চোখ আচমকাই থমকে দাঁড়ায় এক মায়াবী সৌন্দর্যের কাছে। কংক্রিটের এই চাদরে ঢাকা শহরে যেন এক টুকরো রঙের উৎসব নেমে এসেছে। রোড ডিভাইডারে ফুটে থাকা বাহারি ফুলের এই সমারোহ এখন প্রতিদিন মুগ্ধ করছে পথচারীসহ প্রতিটি খুলনাবাসীকে।


ক্লান্ত দুপুরে কিংবা গোধূলির আলোয় এই পথ দিয়ে যাওয়ার সময় বাতাসে দোল খাওয়া ফুলগুলো মন ভালো করে দেয় চাটুকার নাগরিক জীবনের। কিন্তু সত্য হলো, পথের ধারে ফুটে থাকা এই অনন্য সুন্দর ফুলটিকে অনেকেই চেরি কিংবা জারুল ভেবে ভুল করে বসেন। আসলে এই ফুলটির আসল নাম ‘ফুরুস’। ইংরেজিতে একে ডাকা হয় ‘ক্রেইপ মারটল’ (Crape Myrtle) নামে এবং এর উদ্ভিদতাত্ত্বিক নাম Lagerstroemia indica।


প্রকৃতির এক অনন্য ক্যানভাস: গুল্মজাতীয় এই উদ্ভিদটি সৌন্দর্যের দিক দিয়ে ভীষণ অনন্য। শের-এ-বাংলা রোডের ডিভাইডারে ডালপালা মেলে থাকা ফুরুসের চাদর যেন প্রকৃতির এক নিপুণ ক্যানভাস। শুধু লাল নয়, ডালের শীর্ষে থোকায় থোকায় ফুটে আছে সাদা, স্নিগ্ধ গোলাপি আর আকুল করা বেগুনি রঙের ফুরুস। বর্ষার ছোঁয়ায় ডালের ডগায় যখন এই ছোট ছোট ফুলের বড় বড় থোকাগুলো দোল খায়, তখন চারপাশের ধূসর পরিবেশেও এক অদ্ভুত নান্দনিকতা ছড়িয়ে পড়ে।


উদ্ভিদবিদদের মতে, এই ফুরুস ফুলের আদি নিবাস দূর চীন দেশে হলেও, আমাদের দেশে এর দেশি জাতও রয়েছে। গাছগুলো সাধারণত শক্ত ডালপালাযুক্ত এবং প্রায় চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর কাণ্ড বাদামি আর পাতাগুলো ডিম্বাকার ও মসৃণ। বসন্তকালে ডাল ছেঁটে দিলে বর্ষায় নতুন ডালে উপচে পড়ে এই ফুলের সমারোহ।


পথচারীদের মনে প্রশান্তির ছোঁয়া: ব্যস্ত শহরের কোলাহল আর তীব্র তাপদাহের মাঝে শের-এ-বাংলা রোডের এই বাহারি ফুলের সমারোহ যেন এক চিলতে স্বস্তি। অনেক পথচারীই থমকে দাঁড়িয়ে মুঠোফোনের ক্যামেরায় বন্দি করছেন এই অপরূপ দৃশ্য। খুলনার এই পথটি এখন শুধু একটি রাস্তা নয়, বরং ফুরুস ফুলের হাত ধরে তা হয়ে উঠেছে এক টুকরো জীবন্ত কবিতা।


নগর জীবনের যান্ত্রিকতা ভুলে একটুখানি প্রকৃতির ছোঁয়া পেতে শের-এ-বাংলা রোডের এই ফুরুস বিথী যেন এক পরম পাওয়া। ভুল নামে ডাকলেও, এই ফুল যে খুলনাবাসীর মনে ভালোবাসার রঙ ছড়াতে একটুও ভুল করেনি-তা প্রতিদিন প্রমাণ করে চলেছে এই চেনা পথটি।