Home আঞ্চলিক প্লাস্টিকের ভিড়ে ধুঁকছে দিঘলিয়ার শতবর্ষী বাঁশশিল্প, কারিগরদের আকুতি

প্লাস্টিকের ভিড়ে ধুঁকছে দিঘলিয়ার শতবর্ষী বাঁশশিল্প, কারিগরদের আকুতি

1


দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।


কালের বিবর্তনে আধুনিক প্লাস্টিক পণ্যের দাপট আর কাঁচামালের আকাশছোঁয়া মূল্যের কারণে খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারের ঐতিহ্যবাহী বাঁশশিল্প এখন অস্তিত্ব সংকটে। তবে শত প্রতিকূলতার মাঝেও পূর্বপুরুষের এই প্রাচীন পেশাকে রক্তের টানে এবং জীবিকার তাগিদে টিকিয়ে রেখেছেন স্থানীয় কিছু সনাতন ধর্মাবলম্বী পরিবার।


প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন দিঘলিয়ার কারিগররা। সেনহাটি ইউনিয়নের পথের বাজার রোডের বাসিন্দা ৫৫ বছর বয়সী শুভঙ্কর দাস বলেন, “বাপ-দাদার হাত ধরে এই কাজে এসেছিলাম। এখন অন্য কোনো কাজ জানা নেই। তাই কষ্ট হলেও এই বাঁশশিল্পকে আঁকড়ে ধরেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি।”


লোকজ সংস্কৃতির এক অনন্য রূপকার: পানিগাতী ইউনিয়নের পথের বাজার রোডের আরেক প্রবীণ কারিগর গৌউড়শর দাস (৬৫) জানান, এটি কেবল তাদের উপার্জনের মাধ্যম নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
এখানকার দক্ষ কারিগরদের হাতের ছোঁয়ায় বাঁশ কেটে তৈরি হচ্ছে, মুরগির খাঁচা ও পাখির বাসা, কাঁচাবাজার ও আড়তের মালামাল বহনের বড় ঝুড়ি, গাছিদের খেজুর গাছে ওঠার বিশেষ কোমর-ঝুড়ি, মাছ বহনের ঐতিহ্যবাহী ডুলা, কৃষিকাজে ব্যবহৃত হরেক রকমের দেশীয় সরঞ্জাম।


কাঁচামালের মূল্যবৃদ্ধি ও প্লাস্টিকের থাবা: স্থানীয় বাজারে কারিগরদের তৈরি পণ্যের গুণগত মান ভালো হওয়ায় এখনো কিছু চাহিদা রয়েছে। তবে বাজারে সস্তা ও টেকসই প্লাস্টিক পণ্যের আগ্রাসনে বাঁশের তৈরি সামগ্রীর বাজার অনেকটাই সংকুচিত হয়ে এসেছে।


এর ওপর যোগ হয়েছে বাঁশের চড়া দাম। কারিগররা জানান, সাম্প্রতিক সময়ে কাঁচামাল বা বাঁশের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে বেশি দামে পণ্য বিক্রি করতে তারা বাধ্য হচ্ছেন, যা সাধারণ ক্রেতাদেরও কিছুটা বিমুখ করছে। লাভ তো দূরের কথা, এখন আসল টাকা তোলাই মুশকিল হয়ে পড়েছে।


বাঁচিয়ে রাখার আকুতি: শত বছরের প্রাচীন এই কুটির শিল্প হারিয়ে গেলে শুধু কিছু মানুষের জীবিকাই বিপন্ন হবে না, হারিয়ে যাবে আমাদের গ্রামীণ ঐতিহ্যও। এই শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে— ১. সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ প্রদান। ২. সহজ মূল্যে কাঁচামাল (বাঁশ) প্রাপ্তি নিশ্চিত করা। ৩. বাঁশশিল্পের আধুনিকায়নে সরকারি উদ্যোগ গ্রহণ।


পথের বাজারের বিপন্ন কারিগরদের দাবি, ঐতিহ্যবাহী এই প্রাচীন শিল্প এবং এর সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে বাঁচাতে সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।