স্পোর্টস ডেস্ক।।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে। অথচ এই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়।
একটা পর্যায়ে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৩ রান। এরপর মাত্র ২৭ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে অলআউট হয় সফরকারীরা।
রবিবার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ৩৬ রান জমা করতেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত। তাদের কল্যাণে একটা পর্যায়ে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৩ রান। এরপর মাত্র ২৭ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সফরকারীরা।
১১টি বাউন্ডারির সাহায্যে ফিফটি তুলে নেওয়া মুমিনুল ৮১ বলে ৬০ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন। তার বিদায়ের মধ্য দিয়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মাত্র ৬ রানের ব্যবধানে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি সাজঘরে ফেরার আগে ৭৩ বলে মাত্র ১৯ রান করেন।
এরপর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় আসা-যাওয়ার মিছিলে অংশ নেন। এই টেস্টে অভিষেক হওয়ায় উইকেটকিপার ব্যাটসম্যান অমিত হাসান ফেরেন ৪ রানে।
দলীয় ১৪০ রানে ফেরেন তিন ব্যাটসম্যান তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালিদ হাসান। শেষ দিকে মাত্র ২৭ রানে ৮ উইকেট হারিয়ে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ।










































