নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের কালিয়া উপজেলায় হুসাইন নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
হুসাইন ওই গ্রামের সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, হুসাইনসহ সমবয়সী চারজন মিলে বাড়ির পাশে ফুটবল খেলছিল। পরে হুসাইন স্থানীয় দোকান থেকে চকলেট ও কেক নিয়ে বিলের দিকে ঘুড়ি উড়াতে যায়। হঠাৎ করে সুতা কেটে গেলে ঘুড়ির পেছনে ছুটতে থাকে হুসাইন। এদিকে, ফুটবল খেলা শেষে হুসাইনের সমবয়সী তিনজন বিলের দিকে শাপলা তুলতে যায়। এ সময় তারা দেখতে পায়, বিলে হুসাইন মাথা উপুড় হয়ে পড়ে আছে। তারা চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকলে ঘটনাস্থল থেকে হুসাইনের মরদেহ উদ্ধার করা হয়।
কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) দিবাকর সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেঁচানো ছিল। এছাড়া শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি।










































