আদালত প্রতিবেদক।।
খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৭-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর (রবিবার) বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নূরুল হাসান রুবা এবং সদস্য অ্যাডভোকেট এস.এম মুজিবুর রহমান ও অ্যাডভোকেট মো: মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ তারিখ ২৭ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত এবং ২৮ অক্টোবর দুপুর ১২টায় আপত্তি শুনানি ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থীরা আগামী ৩ নভেম্বর সকাল ১০:১৫ মিনিট থেকে ৪ নভেম্বর বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ইসি রুম)। ৮ নভেম্বর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ এবং ৯ নভেম্বর দুপুর ২টায় মনোনয়নপত্র বাছাই করা হবে।
মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল আবেদন ১১ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত নেওয়া হবে এবং ১২ নভেম্বর বিকেল ৪টার মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন হবে।
প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ নভেম্বর বিকেল ৪টা এবং ১৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৯ নভেম্বর সকাল ১২টায় আইনজীবী সমিতির ১নং হল রুমে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, জেলা আইনজীবী সমিতির গত ১৯ অক্টোবরের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল আইনজীবীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা।









































