স্টাফ রিপোর্টার।।
গানের ক্যারিয়ারে দুই দশক অতিক্রম করেছেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানের পাশাপাশি সুর ও সংগীতও করছেন তিনি নিয়মিত। পাশাপাশি লেখালেখি ও উপস্থাপনায়ও পেয়েছেন সফলতা। ক্যারিয়ার ও বর্তমান ব্যস্ততা নিয়ে সঙ্গে কথা হয় এ শিল্পীর। নতুন কাজ কি আসছে? উত্তরে পুতুল বলেন, সৈয়দ রেজা আলীর সংগীতায়োজনে এবং সাকিব ব্যানার্জীর কথা-সুরে শিগগিরই একটি নতুন গান আসছে। এ ছাড়া, ‘বলো প্রেমিক’ শিরোনামে ৮-১০টা গানের একটি অ্যালবাম সম্প্রতি প্রকাশ পেয়েছে। শিগগিরই আমার এবং সৈয়দ রেজা আলীর পাঁচ গানের অ্যালবাম আসছে। আমার আর লুৎফর হাসানের কণ্ঠে একটি দ্বৈত গানও আসছে। কথা প্রসঙ্গে তিনি বলেন, এবার দ্বৈত গানের কাজই বেশি করছি, সিঙ্গেল কম। তবে, ক’দিন আগে আমার জন্মদিনে প্রকাশ পাওয়া ‘পুতুল জন্ম’ গানটি থেকে ভালো সাড়া পাচ্ছি। এ গানটির সুর আর সংগীত আমার করা। সামনের বইমেলার প্রস্তুতি কেমন? উত্তরে পুতুল বলেন, সামনের বইমেলায় আমার একটি গল্পের বই প্রকাশ হবে। ১০টি ছোট গল্পের সংকলন নিয়ে এ বই। এর আগে ১০ বছরে আমার কোনো ছোট গল্প প্রকাশ হয়নি। ১১তম বছরেই প্রথমবার ছোট গল্প প্রকাশ পাচ্ছে। এত ব্যস্ততার ভিড়ে লেখালেখিতে কীভাবে সময় দেন? পুতুল বলেন, এসব কিছুর মধ্যেও আমার সঙ্গে পরিবারের সমর্থন আছে। বিশেষ করে আমার সংসারসঙ্গী সৈয়দ রেজা আলী এবং আমার একমাত্র সন্তান গীতলীনা। মূলত লেখালেখির জন্য যে স্পেসটা প্রয়োজন, সেটার সুযোগ তারাই আমাকে করে দেয়। নিজেকে গায়িকা নাকি লেখিকা হিসেবে দেখতে বেশি পছন্দ করেন? পুতুল বলেন, দু’টি মিলিয়েই আমি পুতুল। গানের ক্যারিয়ারে ২০ বছর পার করলাম। লেখালেখির ক্যারিয়ারে ১০ বছর শেষ। অনেকে বলেন- আমার গান তাদের ভালো লাগে। অনেকে বলেন- আমার লেখা তাদের ভালো লাগে, আবার অনেকে আমার উপস্থাপনা পছন্দ করেন। পুতুল যোগ করে বলেন, সম্প্রতি আমি ব্ল্লগ শুরু করেছি। সেগুলো গতানুগতিক ধারার বাইরে। প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু আপলোড করতে। সেখানে আমি নিজের ফেস দেখাই না। যার মধ্যে একটি ভিডিওতে ১ লাখ ৩০ হাজারের বেশি ভিউ হয়েছে। এখানে আবার মানুষ আমার কণ্ঠ শুনতে বেশি পছন্দ করেন। আসলে মানুষভেদে পছন্দের মাপকাঠি ভিন্ন।











































