Home আঞ্চলিক দিনমজুরের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে...

দিনমজুরের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিল স্থানীয়রা

40


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে এক দিনমজুরের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে ফজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে স্থানীয়রা। পরে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুর রহমান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও কৃষ্ণনগর গ্রামের ফজর আলী গাজীর ছেলে।
কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী, গোলাম রব্বানী ও গোলাম মোস্তফা জানান, তাদের ভাই নুরুল ইসলাম গাজী একজন দিনমজুর। দীর্ঘদিন ধরে সে ইটভাটা ও ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করে। তাদের ভাই নুরুল ইসলাম বাড়িতে না থাকার সুযোগে ইউপি সদস্য ফজলুর রহমান ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। ফজলুর স্ত্রী দুই সন্তানকে নিয়ে সাতক্ষীরা শহরের মধু মোল্লার ডাঙির বাপের বাড়ির পাশে থাকে। এ সুযোগে তার সঙ্গে অবাধ সম্পর্ক ছিল ফজলুর রহমানের।
স্থানীয়রা জানায়, ফজর আলী ডাকাতের ছেলে ফজলুর রহমানের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেতো না। অনৈতিক সম্পর্কের জের ধরে সরকারি ত্রাণসহ সকল সুবিধা দিয়ে নুরুল ইসলাম গাজীর স্ত্রীর ঘরবাড়ি সাজিয়ে দিয়েছেন ফজলুর রহমান। রবিবার রাত ৩টার দিকে একই এলাকার রেজাউল ডাকাত, শংকরপুরের জোহর আলী তরফদার, শহর আলী তরফদারসহ কয়েকজন তার ঘর থেকে ফজলুকে বের করে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ফজলুর রহমানের বাম হাত ও পা কুপিয়ে ও পিটিয়ে ভেঙে দেয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউপি সদস্য ফজলুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন জানান, তার স্বামী মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে। তবে কি কারণে তিনি জখম হয়েছেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।