স্টাফ রিপোর্টার
খুলনার বজ্রাঘাতে রূপসায় ও ডুমুরিয়ায় দুই জনের মৃত্যু হয়েছে। খুলনা জেলার রূপসা উপজেলায় বজ্রাঘাতে মো. আরিফুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জাবুসা গ্রামে তার মৃত্যু হয়। আরিফুল ইসলাম জাবুসার সাইফুল ইসলামের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনি রূপসা উপজেলার আইচগাতি এলাকার একটি বাড়িতে কাজ করছিলেন। বৃষ্টির সময় তিনি একটি গাছের ওপরে ছিলেন। হঠাৎ বজ্রপাতের কারণে গাছ থেকে পড়ে গেলে এলাকাবাসী তাকে নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়।
বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক ডা. সত্যজিৎ মন্ডল তাকে মৃত ঘোষণা করেন। পরে আরিফুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি নেওয়া হয়।
ডুমুরিয়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার বিকালে উপজেলার সিংগার বিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে ঝড়ের সময় উপজেলার খর্ণিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের আব্বাস সরদারের ছেলে মহিদুল সরদার (৪৮) তার নিকট আত্মীয় আঙ্গারদহা এলাকার আবদুল হাকিমথর ধান কেঁটে দিতে সিংগার বিলে অবস্থান করছিলেন। ওই সময় ধান কাঁটা শ্রমিকদের সঙ্গে বিলের মধ্যে থাকা মহিদুলের উপর আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।










































