Home আঞ্চলিক ঝিনাইদহে পাওনা টাকা চেয়ে প্রাণ গেল মুদি দোকানির

ঝিনাইদহে পাওনা টাকা চেয়ে প্রাণ গেল মুদি দোকানির

4


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিল ঘুষিতে প্রাণ গেল মোহাম্মদ আলী (৫৫) নামের এক মুদি দোকানির। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদ পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী বাদপুকুরিয়া গ্রামের মৃত কেনু মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মুদি দোকানদার মোহাম্মদ আলী আশাদুল নামের এক ব্যক্তির কাছে বাকিতে মালামাল বিক্রয় করে। দীর্ঘদিন ধরে ৮৪০ টাকা না দেওয়ায় সকালে আশাদুলের বাড়িতে টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আশাদুল মোহাম্মদ আলীকে কিল ঘুষি মারলে ঘটনাস্থলে মোহাম্মদ আলী অসুস্থ হয়ে পড়ে। সেসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার জেরে উপস্থিত উত্তেজিত জনতা আশাদুলের পরিবারকে অবরুদ্ধ করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে আশাদুল ও তার পিতা আশকার ও মাতা আয়েশা খাতুনকে ঝিনাইদহ সদর থানা হেফাজতে নেয়। মোহাম্মদ আলীর শরীরে হার্টের রিং পরানো ছিল।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর ঘটনায় বাদপুকুরিয়া গ্রামের চাতাল শ্রমিক আশাদুল ও তার পিতা-মাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।