Home আঞ্চলিক বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরঘাট নির্মাণে অনিয়মের অভিযোগ

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরঘাট নির্মাণে অনিয়মের অভিযোগ

7


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরঘাট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারিভাবে বরাদ্দ ৯ লাখ টাকায় ঘাট নির্মাণের কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
৭ এপ্রিল সকাল থেকে ঘাট নির্মাণের তৃতীয় ধাপের কাজ শুরু হলে দেখা যায়, পেড়ি নরম মাটির ওপরই ঢালাইয়ের কাজ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম মোল্লা। সরেজমিন পরিদর্শনে তিনি লক্ষ্য করেন, পেড়িমাটির ওপর পেলেট করে পিলার বসিয়ে ঢালাই করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি কাজ বন্ধের নির্দেশ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি উপেক্ষা করে কাজ চালিয়ে যায়।
এ বিষয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পেড়িমাটির ওপর ঢালাই বন্ধ করতে বলি। কিন্তু তারা আমার নিষেধ উপেক্ষা করে কাজ চালায়।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “সিডিউলের মাপ অনুযায়ী ঢালাই করেছি। মাপের মধ্যে পড়ায় পেড়িমাটি সরিয়ে কাজ করা সম্ভব হয়নি, তাই তার ওপরেই ঢালাই করেছি।”
বিষয়টি নিয়ে বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দেদারুল আলম বলেন, “নরম মাটির ওপর ঢালাই করলে তা টেকসই হবে না। এলাকাবাসী বিষয়টি জানিয়ে কাজ বন্ধ করতে বললেও তারা সেটি উপেক্ষা করেছে।”
ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বন বিভাগের মধু আহরণ উৎসব উদ্বোধন উপলক্ষে এলাকায় আসেন এবং তিনি পুকুরঘাটের কাজও পরিদর্শন করেন। তিনি নিজেও দেখেন যে পেড়িমাটির ওপরই ঢালাইয়ের কাজ চলছে।
স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর মতে, টেকসই নির্মাণের জন্য প্রতিটি পেলেটে ছয়টি করে গাছের বল্লি দিয়ে ভিত্তি তৈরি করে তার ওপর ঢালাই করা উচিত ছিল। কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ না করায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অনিয়মের তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।