স্পোর্টস ডেস্ক।।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে উদ্বোধনী ম্যাচে হেরে যায় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারায় তারা।
এবার নিরাপত্তাজনিত কারণে একটি ম্যাচের সূচি পরিবর্তনের দাবি জানিয়েছিল কলকাতা পুলিশ। আর সেটি মেনে নিয়ে ৬ এপ্রিলের ম্যাচ পিছিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আগের সূচি অনুযায়ী ৬ এপ্রিল রাত ৮টায় ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের মোকাবিলা করার কথা ছিল স্বাগতিক কলকাতার। তবে সেই ম্যাচটির সূচি দু’দিন পিছিয়ে ৮ এপ্রিল করা হয়েছে। তবে ওই দিন আরেকটি ম্যাচ থাকায় কলকাতা-লখনৌর ম্যাচটি হবে বিকেল ৪টায়। আর ৬ এপ্রিল রাতে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ওই ম্যাচের সূচি বদলের কথা জানিয়েছে।
আইপিএল বিবৃতিতে জানিয়েছে, ‘কলকাতা পুলিশ ওই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) ৬ এপ্রিল উৎসবের কারণে সেখানকার ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। সে অনুসারে কর্তৃপক্ষ কলকাতা-লখনৌ ম্যাচ ৮ এপ্রিল বিকেল ৪টায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বাকি সূচি অপরিবর্তিত–ই থাকছে।’
পিটিআইকে কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি এর আগে বলেছেন, ‘কলকাতা পুলিশের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করেছি এবং প্রতিবারই তারা জানিয়েছে ৬ এপ্রিল খেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যদিও সেখানে পুলিশি নিরাপত্তা না থাকে, ৬৫ হাজার দর্শকের সকল ব্যবস্থাপনা ঠিক রাখাও সম্ভব নয়।’
এদিকে আইপিএলের গত মৌসুমেও কলকাতার একটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছিল, সেই সময়ও শহরে একটি রাম-নবমী উৎসব চলছিল। কলকাতা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে। অন্যদিকে, লখনৌও প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর হায়দরাবাদকে নিজেদের দ্বিতীয় খেলায় হারায়।











































