অনলাইন ডেস্ক
শুক্রবার ওভাল অফিসের ঘটনায় হতাশ ইউক্রেনবাসী, রাজনৈতিক ভাষ্যকররা। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের সঙ্গে তাদের সম্পর্ক যে নিম্নতম পর্যায়ে পৌঁছেছে তাতে হতাশা প্রকাশ করেছেন অনেকে। ইউক্রেনের প্রথম সারির ইংরেজি ভাষার দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট একটি সম্পাদকীয় প্রকাশ করেছে এ ঘটনাকে কেন্দ্র করে। তাতে যুক্তি দেয়া হয়েছে যে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার শক্তির সঙ্গে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, এটা এখন সাধারণভাবে বলার সময় এসেছে। এই যুদ্ধে পক্ষ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব। ট্রাম্প এবং তার সরকার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্য মিত্রদেরও নিঃশ্বাসকে থমকে দিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- তারা আমেরিকার স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। যুক্তরাষ্ট্রকে দুর্বল করছেন। এ তথ্য দিয়েছে অনলাইন বিবিসি।
জনপ্রিয় সাংবাদিক মুস্তাফা নাইম এখন রাজনীতিক। তিনি বলেন, ইউক্রেনকে পর্দার আড়ালে একটি গোপন করমর্দনের ক্ষেত্রে বাধা হিসেবে দেখে ট্রাম্প প্রশাসন। তবে ভলোদিমির জেলেনস্কি তার দৃঢ়তায় স্থির ছিলেন। তিনি সততার সঙ্গে সেটা করেছেন। এটা তার বিরোধীরাও বুঝতে পারেনি। সাংবাদিক ডেনিস কাজানস্কি বলেন, জেলেনস্কিকে একটি অসম্ভব পরিস্থিতিতে ঠেলে দেয়া হয়েছিল। তাকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেছেন। কিন্তু জেলেনস্কি কি নিজের ঠোঁট কামড়েছেন, মাথা ঝুঁকিয়েছেন! এটা হলে তা অবমাননাকর দেখাতো। জেলেনস্কি যুক্তিতর্ক দেয়া শুরু করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি তিনি শ্রদ্ধাশীল নন বলে অভিযুক্ত করা হয়েছে। সামরিক বিজ্ঞজন মিকোলা বেইলেইস্কোভ বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন এবং পারস্পরিক সুবিধার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারা যখন আমাদের কথা শোনে না, আমাদের স্বার্থকে উপেক্ষা করে তখন এই সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় সে সম্পর্কে আমার কোনো ধারনা নেই। ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য এখন যারা দায়িত্বশীল তাদের প্রতি আমার সহমর্মিতা আছে। শুক্রবারের দিনটি ছিল আমাদের সম্পর্কের কালো দিন।











































