Home আন্তর্জাতিক গুলি, আবারো উত্তপ্ত মনিপুর

গুলি, আবারো উত্তপ্ত মনিপুর

9


অনলাইন ডেস্ক।।


পাহাড় থেকে মন্দির লক্ষ্য করে গুলি চালিয়েছে মনিপুরের কুকি জাতিগোষ্ঠীর সদস্যরা। শুক্রবার মেইতেইদের পবিত্র স্থান ‘কংবা মারু’তে গিয়েছিলেন একদল ভক্ত। এ সময় তাদের ওপর ওই গুলি চালানো হয়। মনিপুরে সশস্ত্র মেইতেই গোষ্ঠী অস্ত্র সমর্পণ করলেও এ ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। এর আগে মেইতেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বৃহস্পতিবার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কাছে স্বেচ্ছায় ২৪৬টি অস্ত্র সমর্পণ করে। এর একদিনের মাথায় গুলির এ ঘটনা ঘটে। তবে গুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বিষয়ক কর্তারা বলেছেন, নিরাপত্তা বাহিনীর দেয়া সুরক্ষা ব্যবস্থার অধীনে মেইতেইদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত। তখন পাশের পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয়। এরপর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হযেছে। গুলির পর আশপাশের গ্রাম থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেন। বেশ কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করেন। শান্তি ফিরিয়ে আনতে এবং মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকা বাঙ্কারগুলো ভেঙে দেওয়ার দাবি জানান।

এদিকে মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্রশস্ত্র সমর্পণের সময়সীমা বাড়ানো হয়েছে ৬ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে চলে ধারাবাহিক সংঘাত। রাজ্যের আধা সামরিক বাহিনী ও পুলিশের অস্ত্রাগার লুট করে প্রায় ৬ হাজার অস্ত্র নিয়ে যায় বিদ্রোহীরা। তখন থেকে উগ্রপন্থিদের হামলার শিকার হন অনেকে। হামলায় এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এমনকি ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মন্দিরেও।