স্পোর্টস ডেস্ক।।
টার্গেট ছিল মাত্র ৮৩। ১১.২ ওভারে তা সহজেই পূর্ণ করে ফেললেন ভারতের ব্যাটাররা। এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারালো ভারত। একইসাথে পেলো টানা দ্বিতীয়বারের শিরোপা অর্জনের আনন্দ।
কুয়ালালামপুরের বায়ামাস ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক কায়লা রেনেকে। কিন্তু তার সিদ্ধান্তের যথার্থ মর্যাদা দিতে পারেননি সাউথ আফ্রকান ব্যাটাররা। দলীয় ২০ রানে ৩ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়া মেয়েরা। মাত্র ৪ ব্যাটার ছুঁতে পেরেছেন ২ অঙ্কের ঘর। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ছয়ে ব্যাট করতে নামা মাইকে ভ্যান ভুরস্ট। ১৮ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৩ চার। দু’অঙ্কের রান আরও পেয়েছেন ওপেনার জিমা বোথা (১৪ বলে ১৬), পাঁচ নম্বরে নামা কারাবো মিসো (২৬ বলে ১০) এবং সাত নম্বরে ব্যাট করতে নামা ফা কলিং (২০ বলে ১৫)।
ভারতের গঙ্গাদি তৃষা নেন তিনটি উইকেট। পারুনিকা সিসোদিয়া, বৈষ্ণবী শর্মা,আয়ুষী শুকলা নেন দুইটি করে উইকেট। পেসার শবনম শাকিল ২ ওভারে ৭ রান দিয়ে নেন একটি উইকেট।
৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেটে সহজ জয় পায় ভারত। ওপেনার তৃষা ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিন নম্বরে নামা সনিকা চালকে অপরাজিত থাকেন ২২ বলে ২৬ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইকেট নেন অধিনায়ক কায়লা।
ফাইনালে ম্যাচসেরা হন ভারতের লেগস্পিনার গঙ্গাদি তৃষা। এ নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বারই চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতের মেয়েরা। ২০২৭ সালের আয়োজক বাংলাদেশ এবং নেপাল। আসন্ন বিশ্বকাপে সেবার ২০ দল খেলবে।











































