স্পোর্টস ডেস্ক
প্রায় আড়াই বছর জাতীয় দলে ফিরলেন লাসিথ এম্বুলদেনিয়া। এই স্পিনারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলংকা।
মঙ্গলবার দুই ম্যাচের টেস্ট সিরিজটির জন্য ১৭ জনের দল দিয়েছে লংকানরা। তবে এই ১৭ জনের মধ্যে ১৫ জনই ছিলেন ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা দুই টেস্টের সিরিজে।
আন্তর্জাতিক ক্রিকেটে এম্বুলদেনিয়া কেবল টেস্টই খেলেছেন। এখন পর্যন্ত ১৭ টেস্টে তারা শিকার ৭১ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার, চার শিকার ধরেছেন তিনবার। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন একবার।
তিনি সবশেষ ২০২২ সালের জুনে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় ভালো পারফরম্যান্সের কারণে দলে ফিরতে পেরেছেন ২৮ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার। ২-০ ব্যবধানে জেতা লংকানদের ঐতিহাসিক ওই সিরিজে তিন ইনিংসে ২৩.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
এছাড়া দলে ফিরেছেন কাসুন রাজিথাও। সবশেষ লংকানদের প্রতিনিধিত্ব করেন তিনি গত মার্চে, বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে। ২০১৯ সালের দক্ষিণ আফ্রিকা সফরেও খেলেছিলেন তিনি। ৯ উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই পেসার।। এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলে তার শিকার ৫৫ উইকেট। ইনিংসে দুইবার নিয়েছেন পাঁচ উইকেট, একবার চারটি।
আর কিউই সিরিজের দল থেকে বাদ পড়েছেন রমেশ মেন্ডিস ও জেফ্রি ভ্যান্ডারসে। জায়গা ধরে রেখেছেন অফ স্পিনার নিশান পেইরিস। দলে আছেন পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় ভালো করা টপ অর্ডার ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দোও।
আগামী ২৭ নভেম্বর ডারবানে দুই দলের প্রথম টেস্ট শুরু। দ্বিতীয় ম্যাচ শুরু ৫ ডিসেম্বর।
শ্রীলংকার টেস্ট দল: ধনাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারাত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়সুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।











































