স্পোর্টস ডেস্ক
প্রায় ৫ মাস আগে ইসরায়েলের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছিল অস্ট্রিয়া। সেই ম্যাচে আইসিসির বিধি বহির্ভূত কোনো একটি আচরণ করেছিল ইউরোপের এই দেশটি। এবার ঘটনাটির জন্য ক্ষমা চাইল অস্ট্রিয়ান ক্রিকেট বোর্ড।
ম্যাচের অনেক দিন হয়ে গেলেও গতকাল মঙ্গলবার ক্ষমা চাওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। বিবৃতি দিয়ে ঘটনাটি জানায় আইসিসি। যদিও ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় কেউ আঘাত পেয়ে থাকলে বা কোনো অপরাধ হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ঘটনাটি চলতি বছরের জুন মাসের ১০ তারিখের। ইতালির রোমে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয় ইসরায়েল ও অস্ট্রিয়া। সেই ম্যাচে কোনো একটি ঘটনা ঘটানোর পর অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আচরণবিধি অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাজা দেয়ার কথা জানিয়েছে অস্ট্রিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আইন অনুযায়ী পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেয় আইসিসি। দুই অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানানো হয়। উভয়পক্ষই ঐক্যমত্যে পৌঁছেছে যে, ক্রীড়াঙ্গনে কোনো ধরনের বৈষম্যের জায়গা নেই। সেই ম্যাচটি জিতেছিল অস্ট্রিয়া।











































