স্পোর্টস ডেস্ক
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বুধবার সকালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে ৬৪ মিনিটের মাথায় উঠে যাওয়ার আগে পেরুর অধিনায়কত্ব করেছেন হোসে পাওলো গুরেরো। হেরে যাওয়া এই ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন পেরু অধিনায়ক।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে আজ দুর্দান্ত খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ১টি অ্যাসিস্টের পাশাপাশি ৩টি সুযোগ তৈরি করেছেন তিনি। এছাড়া ৩টি শট নিয়েছেন এলএমটেন। ৫টি ফাউল জেতাসহ জিতেছেন ৭টি ডুয়েল। যা ম্যাচের অন্য যে কারো চেয়ে বেশি।
মেসির প্রসঙ্গ টেনেই এদিন রেফারির সমালোচনা করেছেন গুরেরো। পেরু অধিনায়ক বলেছেন, ‘মেসিকে যদি একটি আঙুল দিয়েও স্পর্শ করা হয়, তাহলেই রেফারি ফাউলের বাঁশি বাজান। কেউ কিছু বলে না, কারণ এটা মেসি।’ বিষয়টি জানিয়েছে আরএমসি স্পোর্ত। ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এমন তথ্য লিখেছেন ফুটবলে পরিচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও।
পেরুর হয়ে আজ ১২৪তম ম্যাচ খেলতে নেমেছিলেন গুরেইরো। দেশটির জার্সি গায়ে এটিই হতে পারে তার শেষ ম্যাচ। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই তারকা বলেছেন, ‘আমি জানি না পরের বছর কী হবে। সম্ভবত জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ।’
প্রসঙ্গত, লাউতারো মার্তিনেসের গোলে আজ জয় পায় আর্জেন্টিনা। তবে অ্যাসিস্ট দিয়ে বড় ভূমিকা রাখেন মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড। তাতে দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।











































