স্পোর্টস ডেস্ক
জেরার্দো তাতা মার্তিনোর সঙ্গে লিওনেল মেসির গুরু-শিষ্য সম্পর্ক অনেক আগে থেকেই। প্রথমে বার্সেলোনা, পরে আর্জেন্টিনার হয়েযুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে তার অধীনে খেলেছেন মেসি। এবার এই ক্লাব থেকেও পাঠ চুকিয়ে নিচ্ছেন মার্তিনো।
গতকাল মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ইন্টার মায়ামির ডাগআউটে আর দেখা যাবে না তাতা মার্তিনোকে। তার পদত্যাগ করা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও ক্লাব কিংবা মার্তিনো কোনো পক্ষই ব্যাপারটি নিশ্চিত করেননি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনো।
মার্তিনো দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে লিগস কাপ জেতে ইন্টার মায়ামি। পরে ৬১ বছর বয়সী মার্তিনোর অধীনে এই মৌসুমেই সাপোর্টার শিল্ড জেতে ইন্টার মায়ামি। কিন্তু অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে তারা। আগামী শুক্রবার একটি সংবাদ সম্মেলন করবে ইন্টার মায়ামি। সেখানে আসতে পারে ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত।
১৯৯৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা মার্তিনো বার্সেলোনার দায়িত্বে ছিলেন ২০১৩-১৪ মৌসুম। সেই অভিযান শেষ করে আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে ছিলেন ২০১৬ সাল পর্যন্ত। পরে মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে ২০১৮ পর্যন্ত কোচিং করান মার্তিনো। এরপর মেক্সিকো জাতীয় দলে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে যোগ দেন তিনি।











































